News update
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     
  • How Ganges Treaty 1996 Missed Guarantee, Arbitration Clauses     |     
  • Saudi Arabia, Houthis trade strikes over Bab al-Mande     |     
  • Iraq seizes drone-launching pad used targeting Saudi oil pipeline     |     

ভেনিসে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2026-09-12, 6:58pm

vanic-04cc5d49c64cfb35cda4ffb2abcdfaaf1789217934.jpg




মনোনয়নের পর এবার পুরস্কারও জিতে নিল বাংলাদেশের সিনেমা। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা অফিশিয়াল শাখায় জায়গা করে নেওয়ার পর এবার স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার অর্জন করেছে রুবাইয়াত হোসনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি পেয়েছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার।

শুক্রবার রাতে বাংলাদেশ সময় ১১টার দিকে উৎসবের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান পরিচালক রুবাইয়াত হোসনের হাতে এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রুবাইয়াত বলেন, এ অর্জন তাঁর জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো গুরুত্বপূর্ণ উৎসবে অংশ নেওয়া সব সিনেমার মধ্য থেকে তাঁর সিনেমাকে বেছে নেওয়ায় তিনি জুরিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, এ স্বীকৃতি বাংলাদেশের সিনেমা অঙ্গনের জন্যও তাৎপর্যপূর্ণ।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্মাণের ভাবনা প্রসঙ্গে রুবাইয়াত বলেন, নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ ও নিয়ন্ত্রণ করতে শেখে, আবার কখনো কখনো নিজেদের শরীরকেই ভয় করতে শেখে—সেই ভাবনা থেকেই সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গেও এ গল্পের যোগ রয়েছে বলে জানান পরিচালক।

তিনি আরও বলেন, সিনেমাটির মাধ্যমে দর্শক বাংলাদেশকে শুধু সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে নয়, বরং তার কল্পনা, লোককথা, অন্ধকার ও সৌন্দর্যের মধ্য দিয়েও আবিষ্কার করুক—এটাই তাঁর প্রত্যাশা।

রুবাইয়াত হোসনের ক্যারিয়ারের চতুর্থ সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার হয়। উৎসবের অরিজন্তি বিভাগে মূল পুরস্কারের জন্যও প্রতিযোগিতা করছে এটি। আজ ১২ সেপ্টেম্বর উৎসবের অফিশিয়াল শাখার পুরস্কার ঘোষণা করা হবে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

ভেনিসের পাশাপাশি সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হচ্ছে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ উৎসবে অংশ নিতে ভেনিস থেকেই টরন্টোর উদ্দেশে যাবেন রুবাইয়াত।