News update
  • RMG exports to UK almost $1bn in first two fiscal months     |     
  • Trump Rejects Iran Proposal to Reopen Strait of Hormuz     |     
  • Govt to Buy Rooftop Solar Power at Tk 10.50 Per Unit     |     
  • Over 30 tourism clusters being developed in country: PM      |     
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     

ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-09-01, 11:09am

img_20260901_110446-ff3214dc381c71a31bae09bda9cb13671788239344.jpg




হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে একটি বক্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়, পপি নাকি বলেছেন,যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।

মুহূর্তের মধ্যেই বিষয়টি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে ভাইরাল হওয়া ওই বক্তব্যকে সম্পূর্ণ ভুল ও বিকৃত বলে দাবি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে পপি বলেন, আমি কেন এ ধরনের কথা বলব? ফিল্মকে কখনো আমি পাপ বলিনি। এটা আমার পেশা। জীবিকার তাগিদে ফিল্মে কাজ করেছি। আমার উপার্জিত অর্থে পরিবার চলেছে।

তিনি বলেন, কিছু মানুষের প্রতি পরিবারের জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়ার প্রসঙ্গেই তিনি ‘পাপ’ শব্দটি ব্যবহার করেছিলেন। তবে তার বক্তব্যের প্রকৃত অর্থ গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।

পপির ভাষ্য, তবে এটা ঠিক, কিছু অমানুষকে লালনপালন করেছি। নিজের জন্য কিছু না করে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। সেটা আমার জন্য পাপ ছিল। কথাটি এই অর্থে বলেছিলাম। পরিবারের প্রতি ক্ষোভ থেকে কথাগুলো যেভাবে বলেছিলাম, সেভাবে গণমাধ্যমে আসেনি। সম্পূর্ণ ভিন্নভাবে আমাকে অপমান করে সবাই ভাইরাল করেছে।

চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেন, ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র একটি জায়গা। এই পবিত্র জায়গা থেকে টাকা উপার্জন করে আমার পরিবার চালিয়েছি। সেই জায়গাকে কখনো আমি ছোট করতে পারব না। বরং সবসময় ফিল্মকে সম্মানের চোখেই দেখি।

শিল্পী ও শিল্পের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে পপি বলেন, একজন শিল্পী হঠাৎ করে তৈরি হন না। অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে একজন শিল্পী গড়ে ওঠেন। তাই কাউকে নিয়ে মন্তব্য বা সংবাদ প্রকাশের আগে তার দীর্ঘ ক্যারিয়ার ও অবদান বিবেচনা করা উচিত।

তিনি বলেন, আমরা দর্শকদের জন্য কাজ করেছি। আমাকে নিয়ে দুই লাইন লেখার আগে চিন্তা করা দরকার ছিল, আসলে আমি কেমন। ফিল্মে আমার দীর্ঘ সময়ের ক্যারিয়ার। সেই জায়গা থেকে এতটুকু সম্মান পেতে পারি না? আমি এখন ফিল্মে কাজ করি না, ঠিক আছে। তার মানে আমাকে নিয়ে যা তা বলা ঠিক হবে না।

পপির দাবি, চলচ্চিত্রে কাজ না করলেও তার দীর্ঘদিনের অর্জন ও সম্মান কখনো মুছে যাবে না। তিনি বলেন, ফিল্ম থেকে চলে গেলেই সম্মান চলে যাবে? এত বছর যা অর্জন করেছি, তা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যেভাবে কটাক্ষ করে কথাগুলো ছড়ানো হয়েছে, তা এভাবে বলিনি। আমার কথা ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, ফিল্ম আমার কাছে সবচেয়ে সম্মানের জায়গা, দ্বিতীয় পরিবার।

দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র থেকে পাওয়া ভালোবাসা ও সাফল্যের কথা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রির মানুষের অবদান তিনি কখনো ভুলবেন না। প্রায় তিন দশক চলচ্চিত্রে সময় দিয়েছেন তিনি। চলচ্চিত্রের মানুষদের সঙ্গে এতটা সময় কাটিয়েছেন যে অনেক ক্ষেত্রে পরিবারের সঙ্গেও এত সময় থাকা হয়নি।

পপির ভাষায়, আজ আমার যা কিছু হয়েছে, ফিল্ম থেকেই হয়েছে। যতটা সময় ফিল্মের মানুষদের সঙ্গে ছিলাম, তা পরিবারের সঙ্গেও থাকিনি। তাদের কিভাবে অস্বীকার করব? প্রায় তিন দশক ফিল্মে দিয়েছি। ফিল্ম ভালো না বাসলে, সম্মান না করলে তো কাজ করতে পারতাম না।

চিত্রনায়িকা শাবানার উদাহরণ টেনে পপি বলেন, অনেক বছর অভিনয় থেকে দূরে থাকলেও একজন শিল্পীর প্রাপ্য সম্মান কমে যায় না। তিনি বলেন, শাবানা ম্যাডাম অনেক বছর ধরে ফিল্মে কাজ করেন না, তাই বলে তার প্রাপ্য সম্মান দেব না? কাজ করছি না বলে এখন আমাকেও অসম্মান করা হবে?

বর্তমানে সংসার ও ধর্মীয় অনুশাসন পালনে সময় দিচ্ছেন বলেও জানান পপি। তিনি বলেন, শুটিংয়ের ব্যস্ততার কারণে আগে অনেক সময় কাজা নামাজ পড়তে হলেও এখন সময়মতো নামাজ আদায় করছেন এবং নিয়মিত নামাজ-রোজা পালন করছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি তো পাপ কিছু করছি না। আর পাপ বলতে এরা কী বোঝাতে চায়? শিক্ষিত মানুষ কখনো শিল্পীদের ছোট করতে পারে না।

ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে পপি অনুরোধ করেন, ভুল ব্যাখ্যা শুনে যেন তাকে ভুল না বোঝা হয়। চলচ্চিত্রের মানুষদের নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তার মুখ থেকে কোনো বাজে কথা বের হবে না বলেও জানান তিনি।

দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন পপি। বর্তমানে ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে তার যোগাযোগও খুব সীমিত। তবে স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে ভালো আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

আপাতত সংসারেই মন দিতে চান পপি। অদূর ভবিষ্যতে অভিনয়ে ফেরার পরিকল্পনা না থাকলেও প্রযোজনায় আসার আগ্রহ রয়েছে তার।