News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

ঋণের অঙ্ক ৪০৭ কোটি, অনন্তর ধন্যবাদ পেলেন সমালোচকরাও!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-11-13, 4:17pm

img_20261113_161804-a0ec5b0acaf9de9c581f7ff07fd49abc1794565098.jpg




ব্যবসায়িক ঋণ নিয়ে আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। পবিত্র কোরআনের বাণী স্মরণ করে নিজের প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করা ব্যক্তিদের জন্য হেদায়েত কামনা করেছেন এই অভিনেতা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন অনন্ত জলিল। পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করে সবার কাছে দোয়া চান তিনি।

পোস্টে সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি তুলে ধরেন অনন্ত। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী।’

নিজের জন্য যারা সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট লিখেছেন এবং ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অনন্ত লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

তবে শুধু শুভাকাঙ্ক্ষীদের নয়, তাঁকে নিয়ে আলোচনায় অংশ নেওয়া অন্যদেরও ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।’

তাঁদের উদ্দেশেও আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন অনন্ত। পোস্টে লেখেন, ‘আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’

এদিকে ব্যবসায়িক ঋণ নিয়ে অনন্ত জলিলকে ঘিরে আলোচনা চলছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই ব্যাংকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান এবি অ্যাপারেলসের মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৪০৭ কোটি টাকা। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পাওনা ২৬৭ কোটি ২২ লাখ টাকা এবং মার্কেন্টাইল ব্যাংকের পাওনা সুদসহ প্রায় ১৪০ কোটি টাকা।

এর আগে ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় অনন্ত জলিল ও তাঁর স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠায় এমটিবি। ঋণসংক্রান্ত এসব খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান নিয়ে বার্তা দিলেন এই অভিনেতা।