
স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তবে তাদের মধ্যে এখনো বিবাহবিচ্ছেদ হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন এই গায়িকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি স্ট্যাটাস ঘিরে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ন্যান্সি। তার ভাষায়, আলাদা থাকা আর ডিভোর্স এক বিষয় নয়।
গত বুধবার (২৫ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’ তার এই পোস্টের পরই স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে স্ট্যাটাসটি সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ন্যান্সি। ফেসবুক থেকে স্ট্যাটাস সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, অবশ্যই তার কারণ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘‘আমি ফেসবুক স্ট্যাটাসে ‘আমাদের আলাদা’ হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছি, যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।’’
ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পেছনেও রয়েছে নেতিবাচক মন্তব্যের বিষয়টি। ন্যান্সির ভাষ্য, স্ট্যাটাস সরিয়ে নেওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করা হচ্ছিল। এসব পরিস্থিতি এড়াতেই অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন তিনি।
তবে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে কোনো অস্পষ্টতা রাখতে চান না ন্যান্সি। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা থাকলেও এখনো তাদের বিবাহবিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসীন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’
প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টের শেষ দিকে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি ন্যান্সির তৃতীয় বিয়ে।