News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন কনা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-12-08, 8:46am

4523525-c1db5a20303f8cbb21015a5c73a07ca41765161986.jpg




জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি মেহেদিরাঙা হাতের ছবি পোস্ট করে আলোচনার জন্ম দেন। নেটিজেনদের ধারণা, শিগগিরই হয়তো নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এসব নিয়ে কয়েকদিন চুপ ছিলেন তিনি। তাই গুঞ্জন আরও জোরালো হয়।

অবশেষে নীরবতা ভাঙলেন গায়িকা। তিনি জানান, বিষয়টি আসলে একটি গানের প্রচারণা। কনার নতুন গান ‘মেহেন্দি’ প্রকাশের আগাম প্রস্তুতি ছিল সেই ছবি।

মেহেদিরাঙা হাতের ছবিটি যে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে তা নজরে এসেছে কনার। তবে এতটা ছড়িয়ে যাবে ভাবেননি তিনি। কনা বলেন, ‘মেহেন্দি’ শিরোনামে গানের শুটিংয়ের ছবি শেয়ার করেছিলাম ফেসবুকে। ছবিটি দিয়ে লিখেছিলাম, ‘আমার হাতে মেহেদি।’ এরপর যে এমন হয়ে যাবে, সেটা বুঝতে পারিনি। অনেকেই ফোন করে জানতে চাইছিল, আসল ব্যাপারটা কী? কী বলব বুঝতে পারছিলাম না। তাছাড়া, পরদিনই গানটা রিলিজ হওয়ার কথা। তখন এমনিতেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তাই চুপ করে ছিলাম। এই ছবির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিষয় জড়িয়ে নেই। আমার বিয়ের কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা গানের জন্য।

মেহেন্দি গানটি যৌথভাবে লিখেছেন বাঁধন ও জামশেদ চৌধুরী। কনার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিশ। গানটির সংগীত আয়োজন করেছেন সঞ্জয়। ভিডিও নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী ও রিয়াজ আলী। মডেল হয়েছেন সুনেরাহ, মাইশা নাজিয়া, মানজিতা রায়সহ আরও কয়েকজন। ভিডিওতে দেখা গেছে কনাকেও।

মেহেন্দি গানের ভিডিও প্রকাশ পেয়েছে কাইনেটিক মিউজিক ইউটিউব চ্যানেলে। প্রকাশের ২৪ ঘণ্টায় প্রায় ২০ লাখ ভিউ হয়েছে গানটির।

কনা জানান, গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গত সপ্তাহে প্রকাশ পেয়েছে কনার গাওয়া বিকেএসপির প্রথম থিম সং। এর আগে নভেম্বরে প্রকাশ পেয়েছে ফুয়াদ আল মুক্তাদিরের সুরে কনার ‘ভিতর ও বাহিরে’ শিরোনামের গান।

এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী মুজার সঙ্গে একাধিক গান নিয়ে কাজ করছেন তিনি। গানগুলো ধারাবাহিক ভাবে প্রকাশ পাবে বলে জানান এই সংগীতশিল্পী।