News update
  • PM to address UNGA in Bangla today     |     
  • UNGA President Warns Against Fading Attention to Rohingya     |     
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     

ইকরাকে নিয়ে আলভীর নতুন বিতর্কের ঝড়

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-03-04, 6:55pm

rtretewrewrew-655f61a5b24cd2f1d03981bcbd5823ff1772629070.jpg




স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনা ঘিরে পরকীয়াসহ একের পর এক বিতর্ক উঠছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীকে নিয়ে। এরই মধ্যে সদ্যপ্রয়াত স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন আরেকটি নতুন পোস্ট করেছেন আলভী। তবে, আগের ভিডিও পোস্টের মতো এবারের পোস্টটি নিয়েও সহানুভূতির বদলে তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেতা।

বুধবার (৪ মার্চ) ফেসবুকে দেওয়া সেই পোস্টে আলভীর লিখেন, ‘ইকলি, তোকে একটা প্রশ্ন করি? কোন একদিন তোর কাছে এসে উত্তরটা শুনে নিব! আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত! তোকে টেনে হিচড়ে নীচে নামানোর চেষ্টা করত? তখনো কি সবাই আমাদের রিযিককে নিয়ে মায়া কান্না করত? এতই যদি রিযিকের জন্য ওদের মায়া কাজ করত, তাহলে ওরাও কি পারত এভাবে ওর ভবিষ্যতের কথা না ভেবে তোকে নোংরাভাবে এক্সপোজ করতে? নাকি ভাবত, ছেলেটা বড় হয়ে এসব দেখলে মেন্টালি আনস্ট্যাবল হয়ে যাবে। তখনো কি আমার বন্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যে বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাত?’

এরপর তিনি আরও লিখেন, ‘খুব শিগগিরই তোর সাথে কোন এক পাহাড়ের চূড়ায় বসে, গল্প করতে করতে শুনে নিব তোর কাছ থেকে। শুনব কেমন লাগছিলো তোর, আমার আগে চলে এসে এই মিথ্যে জগতের লীলা খেলা! তৃপ্তি পেয়েছিলি খুব? রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলব। সন্ধ্যা হয়ে আসবে, আবার দুইজন হারিয়ে যাব।’

ইকরাকে ‘ইকলি’ নামে ডাকতেন আলভী। সেই নাম উল্লেখ করেই পোস্টটি লিখেছেন তিনি। তবে, পোস্টটি প্রকাশের পরই মন্তব্যের ঘরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই তার বক্তব্যকে ‘আবেগের আড়ালে দায় এড়ানোর চেষ্টা’ হিসেবে আখ্যা দেন। কেউ কেউ সরাসরি প্রশ্ন তোলেন, সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে এই পোস্ট কতটা গ্রহণযোগ্য।

সমালোচনার ঝড় বাড়তে থাকায় একপর্যায়ে নিজের পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করে দেন আলভী। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। স্ক্রিনশট আকারে পোস্টটি বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকে ক্ষোভ জানিয়ে লিখেছেন, ব্যক্তিগত ট্র্যাজেডিকে সামনে এনে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

ইকরার পরিবার দাবি করেছে, আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্কের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইকরা মৃত্যুবরণ করেন। এরপর থেকেই আলভী ও তিথির সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে।