News update
  • Bangladesh Joins Saudi-Led 14-Nation Maritime Alliance     |     
  • Dhaka's air 'unhealthy for sensitive groups'     |     
  • Pakistan Police Post Attack Kills 11 Officers, 15 Militants     |     
  • Rivers Must Remain Alive Until They Meet Seas – Basin Summit     |     
  • Monsoon Sets In Bangladesh With Erratic Signals     |     

ইসি গঠনে নাম না দেয়া ১৫ দল ওয়েবসাইটে তালিকা জমা দিতে পারবে: মন্ত্রিপরিষদ সচিব

গ্রীণওয়াচ ডেস্কঃ Election 2022-02-14, 12:56am




নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে এখন পর্যন্ত ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল নামের তালিকা জমা দেয়নি। তারা সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে ওয়েবসাইটে নামের তালিকা জমা দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির তৃতীয় ও শেষ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এমনটা জানিয়েছেন।

এর আগে, ওই বৈঠকে ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার সময় বাড়ানো হয়। বিএনপিসহ যেসব দল এখনও নামের তালিকা দেয়নি, তাদের সোমবার বিকেল ৫টার মধ্যে জমা দেয়ার আহ্বান জানান সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি আরও জানান, ইসি গঠনে প্রস্তাবিত সকলের নামের তালিকা সরকারি এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ইসি গঠনের জন্য সার্চ কমিটি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়ে চিঠি পাঠায় বুধবার (৯ ফেব্রুয়ারি)। এদিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অফিসের ঠিকানা ও ই-মেইলে চিঠি পাঠানো হয়। সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সাচিবিক সহায়তা প্রদানকারী মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি পাঠিয়েছে।

রাজনৈতিক দলের পাশাপাশি দেশের বিশিষ্টজন, গণমাধ্যমকর্মী ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের ব্যক্তিদের কাছেও বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়। এছাড়া ইসি গঠনের জন্য যোগ্য ও আগ্রহীদের কাছে নাম চেয়ে বিজ্ঞপ্তি দেয় সার্চ কমিটি। বিজ্ঞপ্তি অনুসারে মন্ত্রিপরিষদ বিভাগে সরাসরি, ডাকযোগে বা মন্ত্রিপরিষদ বিভাগের ই-মেইলে প্রস্তাবিত ব্যক্তিদের নাম ঠিকানাসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়।

উল্লেখ্য, ইসি গঠনের জন্য গত ৫ ফেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর ধারা ৩ মোতাবেক আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হয়। তাতে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।