
The body of a fisherman was recovered from a river char in Kalapara on Sunday.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে ভদ্র শিকদার (৩৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম সংলগ্ন টিয়াখালী নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ভদ্র শিকদার ওই ইউনিয়নের লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভদ্র শিকদার পেশায় একজন জেলে এবং তিনি অধিকাংশ সময়ই নদীর চরে থাকতেন। দুদিন আগেও ঝড়ো বৃষ্টির মধ্যে মাছ শিকার করেছেন। তবে খুবই সাহসী স্বভাবের, এই জেলে বাড়িতে থাকতেন না বলে জানান স্থানীয়রা।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, তার শরীরের কিছু যায়গায় ফোসকা দাগ দেখা গেছে। আমরা সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণের প্রক্রিয়া করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। - গোফরান পলাশ