
কয়েক দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এ অবস্থায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বিভিন্ন জায়গায় গরম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তবে সংস্থাটি বলছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এ অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার (৫ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
ফলে দেশের বিভিন্ন অঞ্চলেরও পর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। এ সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও বলা হচ্ছে। পরের ২৪ ঘণ্টায় এ তাপপ্রবাহ আরও কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। এর পর দুদিন সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া সারা দেশে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।