
ভারতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোকে সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা এবং সংরক্ষণবাদকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, ১১ সদস্যের ব্রিকস জোটে নিজের বক্তব্য দিতে গিয়ে শি জিনপিং বলেন, ব্রিকসের উচিত অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন ও তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করা, সংকটময় পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা নিরসনে গঠনমূলক ভূমিকায় অংশগ্রহণ করা।
নয়াদিল্লির এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এখানে উল্লেখ করা প্রয়োজ যে, ইরান গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলার পর থেকে যুদ্ধে জড়িয়ে পড়েছে।
এ প্রসঙ্গে শি জিনপিং তার বক্তব্যে বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির যেভাবে অবনতি ঘটছে, সেখানকার সংঘাতের ফলে ওই অঞ্চলের সব মানুষের মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে। তিনি সংঘাত নিরসনে জাতিসংঘের কর্তৃত্ব বজায় রাখার আহ্বানও পুনর্ব্যক্ত করেন।
বাণিজ্য প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশগুলোকে সব ধরনের সংরক্ষণবাদ প্রত্যাখ্যান করা এবং বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্রস্থলে রেখে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন করার আহ্বান জানান।