News update
  • OIC Condemns Terrorist Attack in Bannu District of Pakistan     |     
  • Pakistan, India, both celebrate victory a year after war     |     
  • Iran sends response to US peace proposal via Pakistan     |     
  • Ensure no fascist force can ever use police against people: PM     |     
  • 5 BNP, Jamaat men held in Kushtia for seeing drug dealer’s release     |     

চমক দেখাল নিউজিল্যান্ডের ‘বি’ টিম, পরাজয়ে সিরিজ শুরু টাইগারদের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-04-18, 7:14am

etertwerwerwe-f654511bdb778c9c047d0ab30a640cc81776474896.jpg




ভারতের চলমান আইপিএলের কারণে মূল দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এ কারণে দেশের বেশ কয়েকজন ক্রিকেট বিশ্লেষক কিউইদের ‘বি’ দল বলে আখ্যা দিয়েছিলেন। তবে মাঠের লড়াইয়ে চমক দেখিয়ে প্রথম ওয়ানডেতে টাইগারদের ২৬ রানে হারিয়েছে টম লাথামের দল।

শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৮ বল হাতে থাকতে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এতে ২৬ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

জবাব দিতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। দলীয় ২১ রানে নাজমুল হোসেন শান্তও ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা। এরপর প্রতিরোধ গড়ে তোলেন সাইফ হাসান ও লিটন দাস।

তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে ৭৬ বলে ৫৭ রান করে আউট হন সাইফ। ৬৮ বলে ৪৬ রান করে বিদায় নেন লিটন, তখন দলের সংগ্রহ ১৩২ রান। এরপর আফিফ হোসেনকে নিয়ে চেষ্টা করেন তাওহীদ হৃদয়, তবে আফিফ ধীরগতির ইনিংস খেলে ৪৯ বলে ২৭ রান করে আউট হন। সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজও।

১৯৪ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে বাংলাদেশ। হৃদয়ের ৫৫ রানের লড়াকু ইনিংসও হার এড়াতে পারেনি দলকে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে সতর্ক ছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। তবে সুবিধা করতে পারেননি নিক কেলি। সপ্তম ওভারের তৃতীয় বলে তার স্ট্যাম্প ভেঙে দেন শরিফুল ইসলাম।

এরপর দলের হাল ধরেন হেনরি নিকোলস ও উইল ইয়ং। তাদের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তোলে সফরকারীরা। ৬৪ বলে ৫০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে ইনিংস বড় করতে পারেননি ইয়ং। ৪২ বলে ৩০ রান করে রিশাদ হোসেনের বলে ক্যাচ আউট হন তিনি। অন্য প্রান্তে ৬৫ বলে ফিফটি তুলে নেন নিকোলস।

তিন নম্বরে নেমে আলো ছড়াতে পারেননি অধিনায়ক টম লাথাম। ১৫ বলে ১৪ রান করে মিরাজের বলে বোল্ড হন তিনি। পরে ৮৩ বলে ৬৮ রান করে রিশাদের দ্বিতীয় শিকার হন নিকোলস।

এরপর মোহাম্মদ আব্বাস (১৪) ও জোশ ক্লার্কসন (৮) দ্রুত আউট হলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ডিন ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি তুলে নেওয়া এই ব্যাটার শেষ পর্যন্ত ৫৮ বলে ৫৯ রান করেন, নাহিদ রানার ইয়র্কারে আউট হওয়ার আগে।

শেষ দিকে নাথান স্মিথের সহায়তায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।