News update
  • Tarique Seeks Japanese Support for Energy, Tech and Infrastructure     |     
  • Japan eyes 1 trillion yen investment in Bangladesh over 5 years     |     
  • Dhaka Among World’s 11 Most Polluted Cities on Tuesday     |     
  • Tide Rising, Time Running Out For Coastal People, Wildlife      |     
  • Dhaka Turns To Solar As Fuel Crisis Turns Power Plants Idle      |     

ঢাকা টেস্ট: কাজের কাজ করে দিলেন নাহিদ রানা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-05-10, 5:01pm

nahid-53c8f03f8cd8947ab96c056a8dd69fab1778410901.jpg




মিরপুর টেস্টের আগে সবচেয়ে আলোচিত ছিলেন পেসার নাহিদ রানা। পাকিস্তানি ধারাভাষ্যকারদের মুখেও ছিল নাহিদের প্রশংসা। তবে দ্বিতীয় দিন শেষে তৃতীয় দিনে এসেও উইকেটের দেখা পাচ্ছিলেন না তিনি। অবশেষে উইকেট পেলেন নাহিদ, ফেরালেন পাকিস্তানের শেষ স্বীকৃত ব্যাটার সালমান আলী আঘাকে।

আজ রোববার (১০ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে বৃষ্টি শেষে তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩৬৬ রান তুলেছে পাকিস্তান।

বৃষ্টি শেষে তৃতীয় ওভারেই উইকেট পেল বাংলাদেশ। শর্ট লেংথে বল ফেলে নিজের বিধ্বংসী গতিতে সালমানকে পরাস্ত করলেন নাহিদ। ব্যাচ ছুঁয়ে বল চলে গেল দ্বিতীয় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। ৯৪ বলে ৫৮ রান করে পাকিস্তানের শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ফেরত গেলেন সালমান।

ম্যাচ নিয়ে জানা গেল নতুন সিদ্ধান্ত

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের তখনো বাকি প্রায় আধা ঘণ্টা। কিন্তু মিরপুরের আকাশ তখন কালো মেঘে ছেয়ে গিয়েছিল। তাই আগেভাগেই চা বিরতি ঘোষণা করলেন আম্পায়ররা। এরপরই শুরু হলো বৃষ্টি। যে কারণে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। সোয়া ৪টায় আবারও শুরু হয়েছে খেলা। তৃতীয় দিনের বাকি খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন ম্যাচ রেফারি।

জানা গেছে, আলোর স্বল্পতা না থাকলে তৃতীয় দিনের খেলা বাড়ানো হতে পারে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত। সেটি নাহলেও অন্তত সাড়ে ৫টা পর্যন্ত হবে তৃতীয় দিনের খেলা।

কখন শুরু হবে খেলা জানালেন আম্পায়ার

দুপুরেই মিরপুরের আকাশে যেন রাত নেমে এসেছিল। এরপর শুরু হলো বৃষ্টি। বেশ কিছু সময় বর্ষণের পর এখন তা থেমেছে। এরপর মাঠ শুকানোর কাজ শুরু করেছিলেন মাঠকর্মীরা। সেটি শেষ হলে বিকেল ৪টায় সর্বশেষ মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। পরিবর্দশন শেষে জানিয়েছেন, সোয়া চারটায় শুরু হবে দিনের বাকি সময়ের খেলা।

মিরপুরে বৃষ্টির হানা, বন্ধ খেলা

মিরপুরে রৌদ্রজ্জ্বল আকাশেই তৃতীয় দিন সকালে খেলা শুরু করেছিল বাংলাদেশ আর পাকিস্তান। তবে দুপুর নামতেই রঙ বদলালো আকাশ। মিরপুরের আকাশ ঢেকে গেল কালো মেঘে। শুরু হলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও। তাই বাধ্য নির্ধারিত সময়ের আগেই চা-বিরতির ঘোষণা দিলেন ম্যাচ রেফারি। আপাতত কাভার ঢাকা রয়েছে।

তৃতীয় দিনের সকালটা রাঙিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু বিরতি থেকে ফিরে আবার ছন্দ হারায় টাইগাররা। লম্বা সময় ধরে বাংলাদেশের বোলারদের আক্ষেপ বাড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সালমান আলী আঘা আর মোহাম্মদ রিজওয়ান। সেই ছুটিতে ছেদ টানলেন তাইজুল ইসলাম।

ষষ্ঠ উইকেটে শতক ছাড়ানো জুটি গড়েছিলেন এই সালমান-রিজওয়ান। দুজনই তুলে নিয়েছিলেন হাফসেঞ্চুরি। অবশেষে সেই জুটি ভাঙলেন তাইজুল। ৭৯ বলে ৫৯ রান করে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন রিজওয়ান।

তৃতীয় দিনের সকাল রাঙিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

আগের দিনের বাজে বোলিং আর ক্যাচ ফেলার হতাশা ঝেড়ে ফেলে তৃতীয় দিন সকালে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো দুই ব্যাটারসহ ফেরাল আরও দুজনকে। সবমিলিয়ে দারুণ একটি সেশন পার করে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ।

তৃতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে মোট ২৫ ওভার। এই সময়ে পাকিস্তান তুলেছে ৭২ রান। আর বাংলাদেশ শিকার করেছে ৪ উইকেট। এর মধ্যে আগের দিনের দুই থিতু হওয়া ব্যাটার আজান আওয়াইস আর আব্দুল্লাহ ফজলও আছেন।

দ্রুত উইকেট তুলে নিয়ে লাগাম টানল বাংলাদেশ

তৃতীয় দিনে একপ্রান্ত থেকে উইকেট তুলে নিচ্ছিল বাংলাদেশ। অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন গতকাল তিন নম্বরে ব্যাটিংয়ে নামা আব্দুল্লাহ ফজল। অভিষেক ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। অবশেষে তাকেও ফেরাল বাংলাদেশ। আজ দ্রুত চার উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম টেনে ধরছে বাংলাদেশ।

৩৭ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন মাঠে নেমেছিলেন আব্দুল্লাহ ফজল। সকালের দিকেই অভিষেক হাফসেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। এরপর আর তাকে বেশি দূর যেতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। মিড অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ত্রিশ গজের ভেতরে তাইজুলের হাতে ক্যাচ দিয়েছেন ফজল। ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১২০ বলে ৬০ রান।

আবারও জোড়া আঘাত হানল বাংলাদেশ

আগের দিনের বাজে বোলিং আর ক্যাচ মিসের হতাশা ভুলতে আজ সকালে নতুন বলেই ভরসা ছিল বাংলাদেশের। শুরুর কয়েকটি ওভার বাংলাদেশের পক্ষে কথা বলল না। তবে, এখন আলো ছড়াচ্ছেন তাসকিন আহমেদ। তৃতীয় দিনে নিজের দ্বিতীয় শিকার ধরলেন তিনি। ফেরালেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে। শিকার ধরেছেন মেহেদী হাসান মিরাজও।

আজান ফেরার পর উইকেটে এসেছিলেন শান মাসুদ। ব্যাটিংও মন্দ করছিলেন না। তবে বেশি সময় তাকে উইকেটে সময় কাটাতে দিলেন না তাসকিন। আগের দিন ক্যাচ ফেলে দিলেও আজ দারুণ ক্যাচ নিয়ে সেই ভুলের প্রাশ্চিত্য করলেন তিনি। শর্ট পয়েন্টে নিচু হয়ে আসা বল মুঠোয় নিয়েছেন দারুণভাবে। শান ফিরেছেন ১৭ বলে ৯ রান করে।

পরের ওভারেই আঘাত হানলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। নতুন ব্যাটার সৌদ শাকিলকে উইকেটে দাঁড়াতেই দেননি মিরাজ। ৪ বলে কোনো রান না করেই ফিরেছেন শাকিল।

অবশেষে বাংলাদেশকে উইকেট এনে দিলেন তাসকিন

অভিষেক টেস্টেই বাংলাদেশের বোলারদের সামনে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের ওপেনার আজান আওয়াইস। দারুণ ব্যাটিংয়ে আগের দিনই সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন তিনি। আজ সকালে সেটি পূরণও করে নিয়েছিল। অবশেষে তাকে ফিরিয়ে বাংলাদেশকে উইকেট এনে দিলেন তাসিকন আহমেদ।

৮৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা আজান আজকের পঞ্চম ওভারেই সেঞ্চুরি তুলে নেন। নাহিদ রানার বলে সিঙ্গেল নিয়ে অভিষেক ম্যাচেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। একই সঙ্গে আব্দুল্লাহ ফজলকে নিয়ে দ্বিতীয় উইকেটে শতক ছাড়ানো জুটি গড়েন তিনি।

তৃতীয় দিনের অষ্টম ওভারে আজানকে ফেরান তাসকিন। টাইগার পেসারের বলে স্লিপে নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এতে ভাঙে ১০৪ রানের জুটি।

আক্ষেপে দ্বিতীয় দিন শেষ হয়েছে বাংলাদেশের

প্রথম দিনটি দারুণ ব্যাটিংয়ে নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনটি কেটেছে আক্ষেপে। ব্যাটিংয়ে সেঞ্চুরি করে জন্মদিন রাঙানোর সুযোগ ছিল মুশফিকুর রহিমের সামনে, পারেননি তিনি। এরপর ফিল্ডিংয়ে ক্যাচ ফেলে দিয়ে বাড়িয়েছে উইকেটের আক্ষেপ। বোলাররা ছিলেন গড়পরতা। বাংলাদেশের এমন আক্ষেপের ভিড়ে দ্বিতীয় দিনেই শক্ত ভীত দাঁড় করিয়ে নিয়েছিল পাকিস্তান।

দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪৬ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ১৭৯ রান করেছিল পাকিস্তান। বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল ২৩৪ রানে।