News update
  • President Mohammed Shahabuddin Resigns     |     
  • Experts Call for Better Flood Forecasting, Urban Planning     |     
  • Fakhrul Urges Public to Ignore Resignation Rumours     |     
  • President Shahabuddin Set to Resign Today: Agency     |     
  • Trade Deficit Widens 24% Despite Record Remittances     |     

এশিয়ান গেমসে সুখবর পেল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-07-24, 5:42pm

tryrtgertert-35cbc1f9ae38ec2fd0b6bfc3715afbda1784893365.jpg




২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। একই সুবিধা পেয়েছে এশিয়ার অপর ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় শুরু হবে এবারের ক্রিকেট প্রতিযোগিতা। আয়োজনের সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়ান গেমসের পুরুষ বিভাগে অংশ নেবে মোট ১০ দল। অন্যদিকে নারী বিভাগের লড়াই হবে ৮ দলের মধ্যে। ছেলেদের ক্রিকেটে সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া চার দলের সঙ্গে যোগ দিতে প্রথম ধাপ পেরোতে হবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে লড়বে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দুটি করে দল নকআউট পর্বে উঠে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর থেকে, যা চলবে ১ অক্টোবর পর্যন্ত।

অন্যদিকে নারী বিভাগের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে চীন। অন্য ম্যাচগুলোতে ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তানের সামনে থাকবে থাইল্যান্ড। মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে ক্রিকেটে আধিপত্য দেখিয়েছিল ভারত। পুরুষ বিভাগের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে র‌্যাঙ্কিংয়ের বিচারে সোনা জেতে দলটি। আর নারী বিভাগের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল ভারতের মেয়েরা।