News update
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     

সাকিবের মাগুরার বাড়িতে সংস্কার কাজ নিয়ে আলোচনা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-09-15, 7:28am

img_20260915_072850-80c30e441692d1c30e23f08d58145b041789435754.png




মাগুরা শহরের কেশব এলাকায় দীর্ঘদিন ধরে জনশূন্য থাকা ক্রিকেটার সাকিব আল হাসানের দোতলা বাড়িতে শুরু হয়েছে সংস্কারকাজ। ভাঙা জানালা, প্রধান ফটকসহ আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামত করছেন শ্রমিকরা।

আর এতেই নতুন করে প্রশ্ন উঠেছে– তবে কী দেশে ফিরছেন সাকিব আল হাসান? বিষয়টি নিয়ে মাগুরায় শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

সরেজমিনে সাকিবের বাড়িতে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক ভাঙা জানালা মেরামতের কাজ করছেন। বাড়ির বিভিন্ন অংশেও সংস্কারকাজ চলছিল। তবে এ সময় বাড়িতে সাকিবের পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িটি অনেকটা অযত্নে পড়ে ছিল। বাড়ির বেশ কিছু জানালার কাচ ভাঙা থাকায় বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছিল। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাকিবের মামা স্কুলশিক্ষক বাবলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বাড়ির জানালার কাচ ভাঙা থাকায় বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকছিল। এ কারণে সাকিবের মা শিরিন রেজা ভাঙা কাচের জানালা মেরামতের জন্য শ্রমিক নিয়োগ করেছেন বলে শুনেছি।’

তবে এই সংস্কারকাজের সঙ্গে সাকিব আল হাসানের দেশে ফেরার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে বাড়িতে মেরামতের কাজ শুরু হওয়াকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেশে ফেরার আলোচনা তৈরি হলেও বিষয়টি এখনো জল্পনা-কল্পনার মধ্যেই রয়েছে।

এর আগে ৫ আগস্ট রাতে সাকিবের মাগুরার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্তও শুরু করেছিল।

সাম্প্রতিক ওই ঘটনার পর বাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। দীর্ঘ সময় পর সেসব জায়গায় সংস্কারকাজ শুরু হওয়ায় বিষয়টি স্থানীয়দের নজরে এসেছে। বিশেষ করে সাকিবের ভবিষ্যৎ রাজনৈতিক ও ক্রিকেট-সংশ্লিষ্ট অবস্থান নিয়ে নানা আলোচনা চলার মধ্যে বাড়ি মেরামতের ঘটনাটি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়। একই সময়ে ঢাকার আদাবর থানায় জুলাই আন্দোলনে একজনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার নামও আসামির তালিকায় রয়েছে।

এ ছাড়া সাকিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও মামলা-সংক্রান্ত বিষয়ও আলোচনায় এসেছে।

সব মিলিয়ে সাকিবের মাগুরার বাড়িতে ফের সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে– বাড়ি কি শুধু ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্যই প্রস্তুত করা হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে সাকিবের দেশে ফেরার কোনো পরিকল্পনা? আপাতত এর উত্তর মেলেনি। পরিবারের পক্ষ থেকেও দেশে ফেরার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।