News update
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     
  • Bangladesh Beat Sri Lanka 4-0 to Top Group     |     
  • PM, Chinese vice-president discuss investment, climate cooperation     |     
  • Shafiqur challenges Salahuddin over foreign intelligence agency link claim     |     
  • 372 armed attacks kill 316 in CHT over five years: Salahuddin     |     

নিয়ম ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ অজি তারকা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-10-22, 3:28pm

megan_schutt-dd004cc71ac6d805e0eef02838c1c1961792661281.jpg




প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সিরিজে দুর্দান্ত বোলিং করে তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং নিয়ম লঙ্ঘনের ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন এই অজি তারকা।

নির্ধারিত প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহারের নিয়ম না মানায় শুটকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তার নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে সিএ। এরপর নারী বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচেও মাঠে নামতে পারবেন না তিনি।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহারের ক্ষেত্রে স্পোর্টস সায়েন্স ও মেডিসিন নির্দেশিকায় উল্লিখিত শর্তাবলি মেনে চলতে শুট ব্যর্থ হয়েছেন।’

এ বিষয়ে সংস্থাটি আরও জানায়, ‘শুটের নিয়ম লঙ্ঘনের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যা প্রতিযোগিতার বাইরে ঘটেছিল। যা ম্যাচে পারফরম্যান্স-বাড়ানোর উদ্দেশে ব্যবহৃত হয়নি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে সম্মিলিতভাবে কার্যকর হবে। তবে আমরা মেগানকে পর্যাপ্ত সমর্থন দিয়ে যাব। একইসঙ্গে আমাদের খেলার প্রতিনিধিত্বকারী প্রত্যেকের কাছ থেকে যে মান ও দায়িত্ব প্রত্যাশিত, তা নিশ্চিত করার বিষয়টি জোরদার করব।’

নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী নারী ক্রিকেটার শুট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আরোপিত শাস্তি পুরোপুরি মেনে নিচ্ছি এবং আমার কাছে যে মান প্রত্যাশা করা হয়েছিল সেটি পূরণে ব্যর্থ হওয়ায় ক্ষমাপ্রার্থনা করছি। এই ঘটনায় আমি অন্তর্ভুক্ত হওয়ায় দুঃখিত এবং সর্বাবস্থায় আমাকে সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা। পারফরম্যান্সে প্রভাব না ফেললেও, স্পোর্টস সায়েন্স ও মেডিসিন নির্দেশিকা যে মানতে বাধ্য তা বুঝতে পারছি। খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া এই নির্দেশিকাগুলো মেনে চলা উচিত ছিল।’

নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন শুট। দক্ষিণ অস্ট্রেলিয়ার এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ২৪৪ ম্যাচে ৩১৯ উইকেট শিকার করেছেন। এর মধ্যে টেস্টে ৪টি, ওয়ানডেতে ১১৪টি এবং টি-টোয়েন্টিতে ২০১টি উইকেট রয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া দলে ছিলেন না শুট। তবে তৃতীয় ম্যাচের স্কোয়াডে থাকায় ওই ম্যাচেই তার নিষেধাজ্ঞার প্রথম অংশ কার্যকর হবে। এরপর আগামী ৩১ অক্টোবর নারী বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দলের উদ্বোধনী ম্যাচেও খেলতে পারবেন না তিনি।