News update
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     

এশিয়া কাপে টাইগ্রেস দলে রুবাইয়ার বদলি সুমাইয়া

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-06-16, 11:12pm

resize-350x230x0x0-image-227854-1686924177-2a0d9d1b70e393725ee0805442180f2f1686935529.jpg




ইমার্জিং এশিয়া কাপে খেলতে এখন হংকংয়ে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। এই টুর্নামেন্টে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগ্রেসরা। তবে ইনজুরিতে পড়ে বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন রুবাইয়া হায়দার ঝিলিক। বাঁহাতি এই ওপেনারের বদলে দলে ডাক পেয়েছেন সুমাইয়া আক্তার।

শুক্রবার (১৬ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রুবাইয়ার বদলি হিসেবে সুমাইয়া আক্তারের নাম ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুবাইয়ার বদলি সুমাইয়া শনিবার হংকংয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

সবশেষ নারী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন রুবাইয়া। নারী ইমার্জিং এশিয়া কাপের দলে থাকায় ৪ ইনিংসের বেশি খেলার সুযোগ হয়নি তার। তবে মাত্র চার ইনিংসেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন উদ্বোধনী এই ব্যাটার।

ডিপিএলের ওই চার ইনিংসে তিন হাফ সেঞ্চুরি, ৫৬.২৫ গড় আর ৮২.৪২ স্ট্রাইক রেটে ২২৫ রান করেন রুবাইয়া। যেখান তার একটি ৮৪ রানের ইনিংসও রয়েছে। এমন পারফরম্যান্সেই মূলত জাতীয় দলের হয়ে হংকংয়ে গিয়েছিলেন তিনি। মালয়েশিয়ার বিপক্ষে মাঠে গড়ানো একমাত্র ম্যাচে ১০ রান করেছিলেন তিনি। তবে বা পায়ের হাঁটুর চোটে পড়ে দেশে ফিরে এসেছেন রুবাইয়া।

এদিকে তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হয়ে খেলা সুমাইয়া। এবারের নারী ডিপিএলে ব্যাট হাতে নিজের সেরা সময় পার করেছেন তিনি। ৮ ম্যাচের ৭ ইনিংসে এক সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪২১ রান। যেখানে একটি ৯৯ রানের ইনিংসও রয়েছে সুমাইয়ার।

সুমাইয়ার চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউ। ৭০.১৭ গড়ে ব্যাটিং করে ডানহাতি এই ব্যাটার পেছনে ফেলেছেন নিগার সুলতানা জ্যোতি-ফারজানা হক পিংকিদের মতো অভিজ্ঞ ব্যাটারদের। ফলে রুবাইয়ার বদলি হিসেবে ধারাবাহিক ফর্মে থাকা সুমাইয়ার দলে যোগ দেওয়া আশাই দেখাচ্ছে।

নারী ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়নি। তবে রান রেটে এগিয়ে থাকায় ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে লতা মণ্ডলের দল।

আগামী সোমবার (১৯ জুন) দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই গ্রুপে সমান তিন পয়েন্ট করে টেবিলের এক ও দুইয়ে যথাক্রমে অবস্থান করছে ভারত এবং পাকিস্তান ‌‌‘এ’ দল। তাদের সামনে আরও একটি করে ম্যাচ রয়েছে। ফলে প্রতিপক্ষের জন্য অপেক্ষা করতে হবে টাইগ্রেসদের। তথ্য সূত্র আরটিভি নিউজ।