News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

শুরু হয়নি বিপিএলে দিনের প্রথম ম্যাচ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-01-15, 2:34pm

76574564-db0361103004307077f3d198f471e7c01768466066.jpg




বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলামের একটি বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠেছে দেশের ক্রিকেট পাড়া। গতকালই বিপিএলের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচ ছিল নোয়াখালী এক্সপ্রেস আর চট্টগ্রাম রয়্যালসের। নির্ধারিত সূচী অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় টস আর ১টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাঠে আসেনি কোনো ক্রিকেটার।

এমন অবস্থায় অনেকটা অলিখিতভাবেই স্থগিত হয়ে গেছে বিপিএলের আজকের ম্যাচ। যদিও এখনো ম্যাচ স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচালক এম. নাজমুল ইসলামকে শোকজ করার কথা জানায় বিসিবি। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। বিশ্বকাপে বাংলাদেশ না খেললে কতটা ক্ষতি হবে সেই প্রসঙ্গে কথা বলেন তিনি। বিসিবির এই পরিচালক বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে, কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করে নাজমুল যোগ করেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি না কি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

নাজমুলের এমন কথার পর বিবৃতি দেয় কোয়াব। রাতে ভার্চুয়াল মিটিংয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’