
‘সোনার বাংলা’ গড়ার স্বপ্নপূরণই পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার (৮ মে) পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন।
বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করার পর তাকে অভিনন্দন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলোকে পরাজিত করে বিজেপিকে ম্যান্ডেট দেয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান অমিত শাহ। তিনি বলেন, জনগণের এই আস্থার মর্যাদা দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাদের লক্ষ্য।
বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দেন অমিত শাহ। এরপরই তিনি ঘোষণা করেন, শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। শনিবার বেলা ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিধানসভা দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করা আমাদের যৌথ দায়বদ্ধতা।
তিনি বলেন, ‘গত পাঁচ দশক ধরে বাংলায় গণতন্ত্রের অবক্ষয় হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। আজ থেকে বাংলা এক নতুন যুগে প্রবেশ করছে।’
উত্তর-পূর্বের আসাম ও ত্রিপুরার পর এবার বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসায় অনুপ্রবেশ এবং গরু পাচার সমূলে বিনাশ করা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।
এদিকে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লোক ভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। এ সময় তার সঙ্গে বিজেপির সব বিধায়কের স্বাক্ষর করা সমর্থনপত্র থাকবে।
গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এতে ২০০ এর বেশি আসনে জয় পায় বিজেপি। এর ফলে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠনের সুযোগ পায় হিন্দুত্ববাদী দলটি।