
Motor launch. Representational image
পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রচন্ড ঢেউয়ের তোড়ে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চরমোন্তাজ সংলগ্ন বুড়া গৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দীপাঙ্কর ও সত্ত্ব নামের দুজন নিখোঁজ হয়। তবে কিছুক্ষণ আগে দীপঙ্কর উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার।
জানাগেছে, বন্ধু পরিবহন নামের লঞ্চটি শুক্রবার বিকেল ৫টায় গলাচিপা লঞ্চঘাট থেকে ছেড়ে রাঙ্গাবালী উপজেলার চর আন্ডার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বুড়াগৌরাঙ্গ নদীর তিন মোহনায় গিয়ে প্রচন্ড ঢেউয়ের তোড়ে লঞ্চটি ডুবে যায়। এসময় লঞ্চে ২ জন যাত্রী ও ৩ জন লঞ্চে কর্মরত লোক ছিলো। এরমধ্যে যাত্রী চর আন্ডার বাসিন্দা জাকির সিকদার ও তার মা সত্তর বছরের বৃদ্ধা রওশনআরা বেগম এবং লঞ্চ স্টাফ আরিফ সরদার সাঁতার কেটে রাত ৮টার দিকে কিনারে আসে। পরে তাদেরকে চরমোন্তাজ স্লুইস বাজারে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর নিখোঁজ থেকে যায় লঞ্চ মালিক দীপাঙ্কর সাহা এবং লঞ্চ স্টাফ সত্ত্ব সাহা। এরপর রাত রাত ১০টার দিকে একটি ট্রলারের মাধ্যমে উদ্ধার হয় দীপাঙ্করও। এখন নিখোঁজ রয়েছে শুধুমাত্র সত্ত্ব সাহা। তবে কোন এক জেলে ট্রলারে সে আশ্রয় নিয়েছেন বলেও শোনা যাচ্ছে।
বন্ধু পরিবহন লঞ্চটি গলাচিপা টু চর আন্ডা অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রী ও মালামাল পরিবন করতো। লঞ্চের মালিক দীপঙ্কর সাহা নামের এক ব্যবসায়ী। লঞ্চটিতে অতিরিক্ত মালামাল লোড করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। - গোফরান পলাশ