News update
  • Bangladesh Has 1.584m Tonnes of Fertiliser in Surplus      |     
  • July Uprising crimes: Obaidul Quader, six others get death penalty     |     
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     

নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি: মাহফুজ আলম

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2024-10-19, 9:15pm




প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য বিদ্যমান আইনে শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে। আর কমিটি গঠনের পর তারাই ঠিক করবেন নির্বাচন কমিশনে আসলে কারা থাকবেন।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে রাজনৈতিক কোনো চাপ বা হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, সংলাপে নির্বাচন ও সংস্কার বিষয়েই বেশি কথা হয়েছে। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার এসব বিষয়েও আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, অন্তর্বর্তী সরকার এককভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। যারা পালিয়েছেন, তারা কীভাবে গেলেন সে বিষয়েও অনুসন্ধান করা হচ্ছে। আরটিভি