News update
  • Global food prices rise amid weather strain, trade disruptions     |     
  • Dhaka Seeks Ganges Treaty With Guarantee on Water Share     |     
  • Navi Pillay Wins 2026 Nobel Peace Prize     |     
  • Bangladesh Steps Up Anti-Trafficking Efforts, US Says     |     
  • Cheap reading glasses remain key conduit to better quality of life     |     

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-07-02, 7:13pm

img_20260702_191054-aad9d86901e56b24d1686a12c352089e1782998007.jpg




এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীন মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন ৭ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

প্রথম দিনে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীন আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদেশের ৮টি কেন্দ্র বাদে দেশের সব কেন্দ্রে একযোগে সকাল থেকে এই পরীক্ষা শুরু হয়।

শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, এবার তিন ধারা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১০ লাখ ১ হাজার ১২০ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ২৩৩ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন এবং কারিগরি বোর্ডে ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় বসেননি।

বোর্ডভিত্তিক অনুপস্থিতির চিত্রে দেখা যায়, সাধারণ ৯টি বোর্ডের মধ্যে বরাবরের মতোই ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহীতে ২ হাজার ৪৯৭ জন, কুমিল্লায় ১ হাজার ৭৯৫ জন, যশোরে ২ হাজার ৭৮ জন, চট্টগ্রামে ১ হাজার ৩৪০ জন, সিলেটে ১ হাজার ১২৭ জন, বরিশালে ১ হাজার ৩৪৬ জন, দিনাজপুরে ১ হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শতকরা হারের দিক থেকে বরিশাল বোর্ডে সর্বোচ্চ ২ দশমিক ৫৬ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে প্রথম দিনে কোনো পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।