News update
  • Clean your plate – to reduce food loss and waste     |     
  • Global life expectancy ups to near pre-pandemic levels: WHO     |     
  • 9 containers of toxic wastes shifted from Ctg Port for disposal     |     
  • 8 More Die With Measles Symptoms in Bangladesh     |     
  • Hasina wasn't brought to India by its Air Force or Army: Dinesh Trivedi     |     

আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-07-30, 4:48pm

img_20260730_164649-d5b2b898352c1207ccdf3bc9bf005d8c1785408525.jpg




যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ওমনি এয়ারের একটি বিশেষ ফ্লাইট যোগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেছিলেন। পরে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে পর্যায়ক্রমে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেক ডিপোর্টি যাত্রীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়। ইমিগ্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দুপুর ১টা ৩০ মিনিটে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ঘটনা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ পথ অনুসরণ এবং সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইন কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।