News update
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     
  • China Scientists to Visit Iran to Explore Rare Earths     |     
  • DSCC to reduce trade licence renewal fees if NBR charges cut: Salam     |     
  • Democratisation of economy must for success of democracy: Khosru     |     
  • PM urges people to watch ‘confusion-makers,’ give fitting reply     |     

আমিরাতে অবৈধ প্রবাসীদের আরও দুই মাস সুযোগ

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-11-01, 9:22am




সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়েছে। নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়। খবর খালিজ টাইমসের।

গত ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল আমিরাত সরকার। সাধারণ ক্ষমার পূর্ব নির্ধারিত সময়সীমা ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও তা আরও দুই মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এই সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার জন্য সুযোগ পাচ্ছেন। এ সুবিধার আওতায় যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ, তারা ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারছেন।

আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহেল সাঈদ আল খাইলি এ ব্যাপারে বলেন, এই সিদ্ধান্তের পেছনে মানবিক দিকটির প্রতিফলন রয়েছে, যা লঙ্ঘনকারীদের জরিমানা থেকে অব্যাহতি দিয়ে তাদের স্ট্যাটাস নিয়মিত করার সুযোগ করে দেয়।

তিনি আরও বলেন, এটি তাদের পরিবারকে সুরক্ষিত রাখার সুযোগও দেয় এবং লঙ্ঘনকারীদের তাদের পূর্ণ অধিকার পেতে সাহায্য করে।

তবে, তিনি সতর্ক করে বলেন, বর্ধিত সময়সীমার পরও যারা বসবাসের নিয়ম লঙ্ঘন করবেন, তাদের জন্য জরিমানা পুনর্বহাল করা হবে। আইসিপি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিদর্শন প্রচারণা জোরদার করার পরিকল্পনা করেছে এবং নো-এন্ট্রি তালিকায় লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আরটিভি