
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এখনও চিকিৎসক দলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
ব্রাজিল দলের মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসা ও ফিটনেস পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে এখনো তিনি পুনরুদ্ধারের পরবর্তী ধাপ, অর্থাৎ মাঠে ফেরার প্রস্তুতির ট্রানজিশন পর্যায়ে প্রবেশ করতে পারেননি। ফলে হাইতির বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ.
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে হতাশাজনক সূচনা করেছে ব্রাজিল। সেই ম্যাচেও দলের বাইরে ছিলেন নেইমার। আক্রমণভাগে সৃজনশীলতার ঘাটতি স্পষ্ট হওয়ায় তার অনুপস্থিতি নিয়ে সমালোচনা ও আলোচনা দুটোই হয়েছে।
এমন পরিস্থিতিতে হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে নিজেদের অবস্থান শক্ত করতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু দলের সবচেয়ে অভিজ্ঞ ও প্রভাবশালী খেলোয়াড়দের একজনকে ছাড়া সেই লক্ষ্য অর্জন সহজ হবে না।