News update
  • Bangladesh Seeks Additional $10b From World Bank     |     
  • Fire at Chawkbazar market under control, four firefighters injured     |     
  • 3,156-pound pumpkin grown in Rhode Island is possible world record     |     
  • Explosions rock Riyadh as Iranian strikes on vessels in Hormuz intensify     |     
  • Nobel Peace laureate defends international justice amid US criticism     |     

গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-21, 7:37am

6e030d20212de4ed4e7f7f33f43a3dfc98d4623a462525b6-d13af50d2db1d3843f95ee8d21871e6c1782005822.jpg




মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে স্বস্তির জয় পেলেও গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল দলটি।

চোটের কারণে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।

হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুর পেছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। মাঠ ছাড়ার পরই ভক্ত–সমর্থকদের মনে ভয় ঢুকে যায়। বিশ্বকাপে তার থাকা না থাকা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে ব্রাজিলের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে রাফিনিয়াকে বাদ দেয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিবিএফ।

বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘শনিবারের পরীক্ষায় রাফিনিয়ার ডান ঊরুর পেছনের অংশে পেশিতে চোট ধরা পড়েছে। সে এখন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাবে।’ 

রাফিনিয়াকে বাদ দিয়ে কাউকে নেয়ার সুযোগ নেই ব্রাজিলের। কারণ, একবার চূড়ান্ত স্কোয়াড নিবন্ধনের পর কোনো খেলোয়াড়কে বাদ দিলে তার পরিবর্তে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা যায় না। ফলে রাফিনিয়াকে সঙ্গে রেখে নকআউট পর্বের জন্য তাকে প্রস্তুত করতে চায় সিবিএফ।

তবে, ব্রাজিল সমর্থকদের জন্য সুখবরও রয়েছে। স্কটল্যান্ড ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন নেইমার, প্রস্তুত থাকবেন সেই ম্যাচে খেলার জন্যও। শেষ পর্যন্ত মাঠে নামতে পারলে ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে।

এর আগে হাইতির বিপক্ষে ম্যাচে মাতেউস কুনিয়ার জোড়া গোল এবং ভিনিসিউস জুনিয়রের গোলে ৩-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। এই জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।