News update
  • Infantino apologizes for World Cup furore but critics unhappy     |     
  • Teesta irrigation project: Water in canals inadequate to enter fields     |     
  • Biodiversity Targets Lag as UN Warns of a War on Nature     |     
  • 18 railway coaches made in India set to arrive this afternoon     |     
  • 8 BGB platoons deployed in Naogaon to ensure Durga Puja security     |     

আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-22, 6:41am

thumb_for_2-fc8bff56fc5309e26f1a0f82f78554701782088900.jpg




বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল সোমবার (২২ জুন) মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসের স্টেডিয়ামে রাত ১১টায় লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা এই ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত করবে। অন্যদিকে, প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অস্ট্রিয়াও লক্ষ্য স্থির করেছে টানা দুই জয়ের।

১৯৮২ সালের পর থেকে টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারেনি অস্ট্রিয়া। আর্জেন্টিনার বিপক্ষে জয় পেলে সেই খরা কাটানোর পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথটাও প্রশস্ত করবে তারা।

অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার আত্মবিশ্বাসী সুরে বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বমানের দল, তাদের আমরা শ্রদ্ধা করি। তবে নিজেদের শক্তির ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমরা আমাদের সেরাটা দিতে পারলে যে কোনো দলকে চাপে ফেলতে পারি।’

তবে মাঠের লড়াই শুরুর আগেই হিসেব-নিকেশ কষছে প্রযুক্তিনির্ভর 'অপ্টা সুপার কম্পিউটার'। তাদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফেভারিট হিসেবে মাঠের লড়াইয়ে এগিয়ে থাকছে আর্জেন্টিনাই।

সুপার কম্পিউটারের তথ্যমতে, এ ম্যাচে মেসিদের জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। অন্যদিকে, ড্র হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ এবং অস্ট্রিয়ার অঘটনের সম্ভাবনা ১৭.০ শতাংশ।

পরিসংখ্যান ও শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ফুটবল মাঠে অঘটন নতুন কিছু নয়। গত বিশ্বকাপে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের কথা এখনো ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে। তাই অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটিতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই স্কালোনি বাহিনীর।