
২০২৬ ফিফা বিশ্বকাপে দলগুলোর শিরোপা লড়াইয়ের পাশাপাশি ফুটবলারদের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইও জমে উঠেছে। যদিও এখনো গ্রুপপর্বই শেষ হয়নি। কিন্তু এরইমাঝে বিশ্বমঞ্চে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘অ্যাডিডাস গোল্ডেন বুট’ নিজের করে নিতে লড়াই জমিয়ে তুলেছেন তারকারা।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গোল্ডেন বুটের এই মর্যাদাপূর্ণ দৌড়ে সবার ওপরে অবস্থান করছেন বর্তমান ফুটবলের অন্যতম সেরা মহাতারকা লিওনেল মেসি। ৫টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে সবার শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক। মাঠে মাত্র ১৮৭ মিনিট খেলেই তিনি এই বিধ্বংসী রূপ দেখিয়েছেন। অর্থাৎ গ্রুপ পর্বের এখনো একটি ম্যাচ বাকি। সেটাও তুলনামূলক দুর্বল দল জর্ডান। ওই ম্যাচে গোল করে অন্যদের থেকে আরও ব্যবধান বাড়ানোর সুযোগ থাকছে মেসির সামনে। এছাড়া এরইমধ্যে আর্জেন্টিনা নকআউট পর্ব নিশ্চিত করায় আরও ম্যাচ পাবেন মেসি।
মেসিকে তীব্র চ্যালেঞ্জ জানাতে ৪টি করে গোল নিয়ে ঠিক পেছনেই আছেন ৩ জন তারকা ফুটবলার। তাদের মধ্যে আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ৩ গোলের জয়ে একাই ২ গোল দিয়েছেন ভিনিসিউস। এই জয়ের ফলে গ্রুপ 'সি' এর চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। ফলে নিশ্চিতভাবেই আরও ম্যাচ পাচ্ছেন ভিনিসিউস।
৪টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্টও রয়েছে এই রিয়াল মাদ্রিদ তারকার। তিনি মাঠে খেলেছেন ২৯৩ মিনিট। ৩ নম্বরে থাকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ১৯৯ মিনিট খেলে করেছেন ৪টি গোল। আর নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড ২০৭ মিনিট খেলে ৪টি গোল নিয়ে আছেন তালিকার ৪ নম্বরে। দুই তারকাই গ্রুপ পর্বে আরেকটি করে ম্যাচ পাচ্ছেন। তাদের দল নকআউট পর্ব নিশ্চিত করায় সামনেও ম্যাচ পাবেন। ফলে নিজেদের গোল সংখ্যা বাড়িয়ে নেয়ার খুব ভালো সুযোগ থাকছে তাদের সামনেও।
বিশ্বকাপের গোল্ডেন বুটের তালিকায় এগিয়ে যারা
শীর্ষ চারজনের ঠিক পরেই ৩টি করে গোল নিয়ে রেসে টিকে আছেন ৫ জন ফুটবলার। তবে এই গ্রুপে সবচেয়ে কম সময় খেলে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছেন জার্মানির ডেনিজ উন্দাভ। মাত্র ৬৯ মিনিট মাঠে কাটিয়ে ৩টি গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট করে তিনি আছেন ৫ নম্বরে।
এছাড়া সুইজারল্যান্ডের জোহান মাঞ্জাম্বি ৩ গোল ও ১ অ্যাসিস্ট নিয়ে আছেন ৬ নম্বরে। অন্যদিকে কোনো অ্যাসিস্ট না থাকলেও ৩টি করে গোল করে তালিকার ৭, ৮ ও ৯ নম্বরে আছেন যথাক্রমে ব্রাজিলের মাথেউস কুনিয়া (১৯১ মিনিট), মরক্কোর ইসমায়েল সাইবারি (২৫৫ মিনিট) এবং স্বাগতিক কানাডার জোনাথন ডেভিড (২৭০ মিনিট)।
শীর্ষ ৯ জনের বাইরেও তালিকায় বেশ কয়েকজন ফুটবলার ২টি করে গোল নিয়ে নিজেদের অবস্থান শক্ত করছেন।