
ম্যাচ শুরুর আগে সৌজন্যতা বিনিময়ের সময় নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়ে পুরোনো দ্বন্দ্বকে নতুন করে সামনে আনলেন ভাস্কো দা গামার মিডফিল্ডার থিয়াগো মেন্দেস। রোববার (১৬ আগস্ট) সাও জানুয়ারিওতে সান্তোস ও ভাস্কোর ম্যাচের আগে ঘটে যাওয়া এই ঘটনা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা যখন প্রথাগত শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন নেইমার হাত বাড়িয়ে দিলেও ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যান মেন্দেস। ক্যামেরায় ধরা পড়া ওই দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। নেইমারের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও দেওয়া হয় দুঃখের ইমোজি।
এরই মধ্যে গ্যালারির পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে। স্বাগতিক সমর্থকদের কেউ কেউ নেইমারের কান্নার মাস্ক বিতরণ করেন। নেইমারের ঘনিষ্ঠ বন্ধু জোতা আমানসিও মেন্দেসের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে রোনালদিনহোর একটি বিখ্যাত মন্তব্য তুলে ধরে মেন্দেসকে পরোক্ষভাবে কটাক্ষ করা হয়।
নেইমার ও মেন্দেসের দ্বন্দ্বের শুরু ২০২০ সালে। তখন নেইমার পিএসজিতে এবং মেন্দেস লিওঁর হয়ে খেলছিলেন। দুই দলের এক ম্যাচে নেইমারের গোড়ালিতে গুরুতর চোট লাগার ঘটনায় লাল কার্ড দেখেছিলেন মেন্দেস। পরে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেও সেই ঘটনার রেশ পুরোপুরি কাটেনি।
চলতি বছরের শুরুতে দুজনই ব্রাজিলিয়ান ফুটবলে ফেরার পর পুরোনো বিরোধ আবারও সামনে আসে। সাম্প্রতিক এক ম্যাচে মেন্দেসের ফাউলকে কেন্দ্র করে নেইমারের সঙ্গে তার বাদানুবাদ হয়। একপর্যায়ে মেন্দেস নেইমারের মুখে হাত দিলে পড়ে যান নেইমার। দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। বিরতি চলাকালীন টানেলেও তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মেন্দেসকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। স্পোর্টটিভিকে তিনি বলেন, সে সবসময় ঝামেলা শুরু করতে চায়, নিজেকে কঠিন লোক হিসেবে দেখাতে চায়। ব্যাপারটা সবসময় এমনই। সবিনয়ে বলছি, সে একটা আস্ত বেয়াদব।
ম্যাচের আগে হাত মেলানো নিয়ে নতুন এই ঘটনাকে তাই দুজনের দীর্ঘদিনের বৈরিতার আরেকটি অধ্যায় হিসেবেই দেখছেন ব্রাজিলিয়ান ফুটবলের অনুসারীরা।