News update
  • New Ganges water treaty ahead of deadline, hopes Minister Anee     |     
  • Fire that engulfed a bus at Mohakhali terminal doused     |     
  • Indian actor and filmmaker Nana Patekar dies at 75     |     
  • Bangladesh to Receive $2.1bn for Safe Drinking Water     |     
  • Bangladesh Economy Faces Growing Risks From Weak Investment     |     

আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-10-08, 2:27pm

img_20261008_142617-dfe6911ae776e8a318be403d73f52a3d1791448025.jpg




আর্জেন্টিনার কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে হারের পর বুরকিনা ফাসোর ফুটবল ফেডারেশনের প্রশাসনে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। তার এমন বক্তব্যে আন্তর্জাতিক ফুটবলে নতুন করে তৈরি হয়েছে আলোচনা। গোলডটকম ও ফরাসি গণমাধ্যম আরএমসির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ফ্লাইট জটিলতার কারণে বুরকিনা ফাসোর জাতীয় দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানান। ফলে তরুণ ও অনভিজ্ঞ ফুটবলারদের নিয়ে দল সাজাতে বাধ্য হয় কোচিং স্টাফ। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে সেই দলই শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় ব্যবধানে হেরে যায়।

এরপরই দেশটির ফুটবল ব্যবস্থাপনা নিয়ে সরব হন সামরিক শাসক প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। তিনি বলেন, বুরকিনা ফাসোর ফুটবল নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যার সমাধান না করে নতুন করে বিনিয়োগ করা সম্ভব নয়। ফুটবলকে সঠিক পথে ফেরাতে চলতি সপ্তাহেই কঠোর ও নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ট্রাওরে আরও বলেন, তরুণ প্রতিভাবান ফুটবলারদের সঠিকভাবে গড়ে তুলে ভবিষ্যৎ আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা হবে। এ জন্য ফুটবল ফেডারেশনের কার্যক্রমেও পরিবর্তন আনার কথা জানান তিনি।

ফেডারেশনের সভাপতিকে উদ্দেশ করে ট্রাওরে বলেন, সাধারণত রাষ্ট্র ফুটবল ফেডারেশনের প্রশাসনিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তাই ফুটবলের গুণগত পরিবর্তনের স্বার্থে এবার হস্তক্ষেপ করতে হচ্ছে।

জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ওই বক্তব্যের সময় ট্রাওরের পাশে বসে থাকা বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশনের সভাপতিকে নীরব থাকতে দেখা যায়।

তবে প্রেসিডেন্টের এমন সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি ফিফার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ফিফার বিধান অনুযায়ী, সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশনকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্বাধীনভাবে কাজ করতে হয়। ফলে ট্রাওরের ঘোষিত পদক্ষেপ বাস্তবে কার্যকর হলে আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বুরকিনা ফাসো।

ফিফা র‍্যাংকিংয়ে বর্তমানে ৬২ নম্বরে থাকা দেশটির ক্ষেত্রে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়। সূত্র: গোলডটকম।