News update
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     
  • MoFA Says Indian Media Misreported PM's November 19 Speech     |     
  • Gold Falls Below Tk 2 Lakh per Bhori for First Time in a Year     |     

নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-11-22, 11:38am

img_20261122_113806-80e2dc9dd6c5f5d8c824f83afd2b344e1795325901.jpg




খাতভিত্তিক খেলাপি ঋণের হারে এমনিতেই শীর্ষে রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প। এর ওপর চলমান শ্রমিক আন্দোলন সেই উদ্বেগ ও শঙ্কাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কারখানাগুলোতে স্বাভাবিক লেনদেন কমতে শুরু করেছে, আর উৎপাদন ও রপ্তানি খাতে তৈরি হচ্ছে অনিশ্চয়তা।

এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন উদ্যোক্তারা। বিশ্লেষকদের মতে, সংকটের দ্রুত সমাধান না হলে পুরো অর্থনীতি আরও বড় ঝুঁকিতে পড়বে।

দেশের পোশাক খাতে একসময় শক্ত অবস্থানে ছিল চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান এজেআই গ্রুপ। তবে ব্যাংক থেকে নেওয়া মোটা অঙ্কের ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি খেলাপিতে পরিণত হয়েছে। এতে ১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান ও রুটি-রুজির এই উৎস এখন বন্ধ হওয়ার ঝুঁকিতে।

সম্প্রতি প্রায় ২০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এজেআই গ্রুপকে আইনি নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক। পাশাপাশি বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শুধু এজেআই গ্রুপই নয়; পরিবেশবান্ধব বা ‘সবুজ কারখানা’ হিসেবে বিশ্বজুড়ে সুনাম কুড়ানো প্লামি ফ্যাশনসও একই সংকটের মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বর্তমানে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বহু উদ্যোক্তা ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়বেন।

ব্যাংক ও রপ্তানিতে নিবিড় প্রভাব

দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে পোশাক খাত থেকে। পাশাপাশি দেশের মোট আমদানিরও বড় একটি অংশ এই খাতের উদ্যোক্তাদের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে বস্ত্র ও তৈরি পোশাক খাতের সম্পর্ক অত্যন্ত নিবিড়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল শেষে বস্ত্র ও পোশাক খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে ৩১ শতাংশ ঋণই খেলাপি। এতে ব্যাংকিং খাত এমনিতেই চাপে রয়েছে; চলমান সংকট দীর্ঘায়িত হলে ব্যাংক ও উদ্যোক্তা—উভয় পক্ষই আরও বড় বিপাকে পড়বে।

উৎপাদন খরচ বৃদ্ধি ও কমদামি পণ্যের চাপ

বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়েছে। তার ভাষায়, আমাদের উৎপাদন খরচ বেড়েছে। তেলের মূল্য বেড়েছে ৪৩%, গ্যাসের মূল্য বেড়েছে ৩১%, পোর্টের খরচ বেড়েছে। আবার এখন শ্রমের মূল্যের ওপর একটা প্রেসার। আমরা তো লস দিয়ে আর ফ্যাক্টরি চালাতে পারবো না বা লস দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে পারবো না।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি কিছুটা বাড়লেও এর বড় অংশই এসেছে কমদামি পণ্য থেকে, যেখানে মুনাফার হার নামমাত্র। এতে করে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতা ক্রমেই কমে আসছে।

দৈনিক বন্ধ অন্তত ২০০ কারখানা, সমাধানের পথ কী?

বিজিএমইএর হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন গড়ে অন্তত ২০০টি কারখানা বন্ধ থাকছে। এমন প্রেক্ষাপটে অর্থনীতি ও শিল্প বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নীতিগত ও আর্থিক সহায়তা দিলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।