News update
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     
  • Bangladesh Unveils Five-Year Plan to Tackle Pollution     |     
  • Potential For Stronger Saudi Investment Considerable: Ambassador     |     
  • Padma Barrage To Restore River Ecosystem In SW Bangladesh      |     
  • The Urge To Contain Super AI, Today’s Frankenstein     |     

বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-05-17, 8:20pm

etrertewrwe-c30eb6b6d05a6cfed0d0418415fdc7e01779027603.jpg




দেশের সাতটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও ছয়টি রেলওয়ে স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। ডিজিটাল সংযোগ সম্প্রসারণ ও যাত্রীসেবা সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রোববার (১৭ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে উন্নতমানের ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এটি শুধু একটি প্রকল্প নয়, বরং জনগণের সেবায় সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

অনুষ্ঠানে আফরোজা খানম, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে বিমানবন্দর, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে উন্নত ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। প্রবাসী ও সাধারণ যাত্রীদের সুবিধা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর ও ছয়টি রেলস্টেশনে একযোগে এ সেবা চালু হয়েছে। বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে বোর্ডিং ব্রিজ পর্যন্ত প্রায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে।

রেহান আসিফ আসাদ আরও জানান, গত কয়েক দিনে শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ২০ হাজারের বেশি যাত্রী এই সেবা ব্যবহার করেছেন। প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে। বর্তমানে একসঙ্গে প্রায় ১ হাজার ৮০০ ব্যবহারকারী সংযুক্ত রয়েছেন।

সরকার জানিয়েছে, ভবিষ্যতে আরও বিমানবন্দর ও পরিবহণ কেন্দ্রগুলোতে এই সেবা সম্প্রসারণ করা হবে।

বর্তমানে যেসব বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু হয়েছে সেগুলো হলো- শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ মখদুম বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর ও যশোর বিমানবন্দর।

এ ছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন, রাজশাহী রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনেও যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।