News update
  • 10 Die of Dengue in Bangladesh, 1,943 Hospitalised     |     
  • 28 Killed as School Roof Collapses in Northwest Pakistan     |     
  • Bangladesh Targets 8.5-Fold Rise in Cotton Output by 2050     |     
  • India Jails Two 'Cockroach' Movement Leaders for Five Days     |     
  • Iran Says Cargo Ship Sank After Hitting Mine in Hormuz     |     

উজানের ঢলে বাড়ছে কুড়িগ্রামের নদনদীর পানি, বিপৎসীমা ছুঁইছুঁই

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2026-06-21, 8:49pm

rytrhytrutry-44471954a83ecad3945949f5130b37a31782053375.jpg




উজানের ঢল ও বৃষ্টির কারণে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে থাকায় তা বিপদসীমা অতিক্রমের আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী আরও পাঁচদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন বেড়েছে। বর্তমানে জেলার প্রায় ৩৫টি স্থানে নদীভাঙন অব্যাহত রয়েছে। এর মধ্যে ২০টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এলাকার কৃষক আব্দুর রহমান বলেন, গতকাল থেকে ধরলা নদীর পানি বাড়ছে। আমার এক বিঘা জমির সবজিক্ষেতে পানি উঠেছে। পানি আরও বাড়লে সব ফসল নষ্ট হয়ে যাবে।

রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালিরপাঠ এলাকার তিস্তাপাড়ের বাসিন্দা একরামুল জানায়, তিস্তার পানি বৃদ্ধি পেলেও এখনও নিম্নাঞ্চল প্লাবিত হয়নি। পানি বিপৎসীমা অতিক্রম করলে চরাঞ্চল প্লাবিত হয়ে পড়বে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, আগামী পাঁচদিন জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করারও সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।