News update
  • July Memorial Museum Opens to Public on August 6     |     
  • ICT Verdicts Mark New Era of Accountability in Bangladesh     |     
  • EU calls for stronger borders after Ceuta migrant crossings     |     
  • Iran warns of risks. casualties of blocade of its ports continues     |     
  • PM issues three directives to boost solar power, tackle energy crisis      |     

বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে পানি, ৭ জেলায় বন্যার আশঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2026-08-04, 11:14am

bnyaa_thaam-d362e5ba5a29016d340d22eec827b05f1785820519.jpg




অতি ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রংপুর বিভাগের পাঁচ জেলা ও সিলেট বিভাগের দুই জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এসব এলাকার নদ-নদীর পানি কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর পূর্বাভাসে আজ মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে আগামী ৩ দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় নদীসংলগ্ন সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। আগামী ৩ দিন সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; অপরদিকে তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদী কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। যার প্রেক্ষিতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় ধরলা নদী কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে; যার প্রেক্ষিতে বর্ণিত সময়ে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৫ দিন বৃদ্ধি পেতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৫ দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুপাই ও কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। উক্ত নদীর পানি সমতল আগামী ৩ দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় এসব নদীর পানি শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে গোমতী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে।