News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

শিকড়ের খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে রাজিব-সেলিনা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-11-13, 4:11pm

kumillaa-f9f246352c0bdc17d924df5299447d251794564688.jpg




১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে একটি এনজিওর মাধ্যমে বাংলাদেশ থেকে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয় রাজিব উদ্দিনকে। সেখানেই বেড়ে ওঠা ও লালন-পালন। কিন্তু জীবনের ৪৯ বছর বয়সে এসে নিজের জন্মদাতা বাবা-মায়ের খোঁজে আবারও বাংলাদেশে এসেছেন তিনি। গত ছয় বছর ধরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজে বেড়াচ্ছেন নিজের শিকড়।

সর্বশেষ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পাসপোর্টে উল্লেখ করা পেয়ারাকান্দি গ্রামের খোঁজ নিয়েছেন রাজিব। তবে গ্রামটি খুঁজতে গিয়ে তৈরি হয়েছে জটিলতা। কখনও দেখা যাচ্ছে গ্রামটি কুমিল্লা জেলায়, আবার কখনও পাওয়া যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রাম হিসেবে।

রাজিবের পাসপোর্ট অনুযায়ী, ১৯৭৭ সালে তার জন্ম। সেখানে বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন উল্লেখ রয়েছে। ঠিকানায় গ্রামের নাম লেখা হয়েছে পেয়ারাকান্দি। তবে একসময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকা ওই অঞ্চল ১৯৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত হয়। এ কারণে গ্রামের সঠিক অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। পাসপোর্টে তার অস্থায়ী ঠিকানা হিসেবে লেখা রয়েছে, বেবী হোমস, ঢাকা, বাংলাদেশ।

শুধু রাজিব নন, তার সঙ্গে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে এসেছেন বন্ধু সেলিনা গোমেজও। তিনিও খুঁজছেন নিজের জন্মদাতা বাবা-মাকে। গত ছয় বছরে রাজিব ছয়বার বাংলাদেশে এসে তাদের খোঁজ করেছেন। পেশায় তিনি একজন সমাজকর্মী।

নিজের অনুভূতির কথা জানিয়ে রাজিব উদ্দিন বলেন, আমি আমার পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও সেখানে নিজেকে একজন বিদেশি মনে হয়। আমি বাংলাদেশে এসেছি আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডসে আমার সবকিছু আছে, আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু আমার খুব ফাঁকা লাগে। যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই, তখন জানতে ইচ্ছা করে, আমি আসলে কার মতো হয়েছি- বাবার মতো, নাকি মায়ের মতো।

রাজিব উদ্দিন এ বিষয়ে দেখা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে। তার পাসপোর্টে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী প্রকৃত গ্রামটি কোথায়, তা খুঁজে বের করতে প্রশাসনের সহযোগিতা চান তিনি। এর আগেও একটি গ্রামে গিয়ে নিজের পরিচয় দিয়ে খোঁজাখুঁজি করেছিলেন। তখন এক ব্যক্তি নিজেকে তার বাবা বলে দাবি করেন। কিন্তু পরে ডিএনএ পরীক্ষা করে জানতে পারেন, ওই ব্যক্তির সঙ্গে তার কোনো জৈবিক সম্পর্ক নেই।

রাজিবের সঙ্গে নেদারল্যান্ডস থেকে গত তিন দফায় বাংলাদেশে এসেছেন তার বন্ধু সেলিনা গোমেজ। তিনিও নিজের বাবা-মায়ের খোঁজ করছেন। সেলিনার পাসপোর্টে ঠিকানা হিসেবে কক্সবাজারের নাম উল্লেখ রয়েছে। সেই ঠিকানা অনুযায়ী তিনি সেখানে গিয়েও খোঁজ করেছেন। এবার বন্ধু রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন তিনি। পেশায় সেলিনা একজন গায়িকা।

নিজের অনুভূতি জানিয়ে সেলিনা বলেন, আমি নেদারল্যান্ডসে বিদেশির মতোই থাকি। সেখানে যারা আমাকে লালন-পালন করেছেন, তারা আছেন। তারপরও আমি জানতে চাই, আমার আসল বাবা-মা কে? আমি কিংবা রাজিব- আমাদের মধ্যে যে-ই নিজের বাবা-মাকে খুঁজে পাই না কেন, সেটাই হবে আমাদের সার্থকতা।

রাজিব ও সেলিনার সঙ্গে গাইড হিসেবে রয়েছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ওমর। তিনি বলেন, সেলিনা ও রাজিব তাদের পাসপোর্টে দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজাখুঁজি করছেন। পাসপোর্টের ঠিকানা ধরে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা দুজন নিজেদের বাবা-মাকে খুঁজে পেলে সবারই ভালো লাগবে।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা রাজিব উদ্দিনের কাগজপত্র দেখেছি। তার দেওয়া ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি গ্রামের তথ্য পাওয়া যাচ্ছে। আমি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। যদি ওই ঠিকানায় রাজিব উদ্দিনের বাবার বাড়ি হয়ে থাকে, তাহলে তারা সেখানে গিয়ে খোঁজ করতে পারবেন। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহযোগিতা করবে।