
বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি আট দফা দাবি আদায় না হয়, তাহলে যেকোনো সময় তা এক দফায় পরিণত হবে। আপনারা ঘরে ঘরে প্রস্ততি নিন। আমাদের সালাম পৌঁছে দিন। আমাদের এই আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, দেশের ১৮ কোটি মানষের জন্য। আমরা ১৮ কোটি মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরব।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে লংমার্চে উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চে আসার পথে অসংখ্য মানুষ আমারে এক আঙুল দেখায় আর গর্জন করে বলে, এক দফা, এক দফা, এক দফা।
পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনারাও কি এক দফা? তাহলে এক দফার জন্য প্রস্তুতি নেন। এক দফার ডাক যখন আসবে, তখন সিরাজগঞ্জ থেকে ঢাকায় লংমার্চ করতে হবে। আপনারা রাজি আছেন? যদি এর মধ্যে আমাদের আট দফা আদায় হয়ে যায়, তাহলে সংগ্রামী জনতাকে মোবারকবাদ জানাব। আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করব।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলমের সভাপতিত্বে এ পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলামসহ অন্যান্যরা।