News update
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

গাজীপুর মহানগর আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-19, 11:08am




গাজীপুরের জয়দেবপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে শনিবার (১৯ নভেম্বর) মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি। সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মহানগর আওয়ামী লীগের এটাই প্রথম সম্মেলন। ২০১৫ সালে কোনো সম্মেলন ছাড়াই অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সভাপতি ও মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে মহানগরের কমিটি করে দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। পরে তাদের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ বারের সম্মেলনে সভাপতি পদে মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মী ছাড়াও তিন জনের নাম ঘুরেফিরে ব্যাপকভাবে প্রচারণা পাচ্ছে।

এরা হলেন—সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও এ কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। তবে জাহিদ আহসান রাসেল এমপি সভাপতি পদে প্রার্থী হতে আগ্রহী নন বলে জানিয়েছেন।

সভাপতির পদের চেয়ে বেশি আলোচনা হচ্ছে সাধারণ সম্পাদক পদ নিয়ে। এ পদে দৃশ্যত প্রার্থী হলেন ৯ জন। এরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান মতি, সহসভাপতি ও সাবেক ভিপি আফজাল হোসেন সরকার রিপন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, সদস্য আব্দুল হাদী শামীম, দলের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন মন্ডল ও সাবেক ভিপি আব্দুল হালিম সরকার প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।