News update
  • Kuakata's 'Mini Switzerland', 'Lal Kakrar Char' captivating tourists     |     
  • Democratization of economy Govt’s core objective: Amir Khasru     |     
  • OIC Condemns Terrorist Attack in Bannu District of Pakistan     |     
  • Pakistan, India, both celebrate victory a year after war     |     
  • Iran sends response to US peace proposal via Pakistan     |     

মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি ক্ষোভ নেই : রুমিন ফারহানা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-02, 6:53pm

6454353-8f6a72ffc989f9e935c0c270564b60d01767358381.jpg




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ঘোষণা দেন। এ আসনে দাখিল করা ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়। 

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের দুঃসময়ে খালেদা জিয়ার নেতৃত্বে আমি যে দায়িত্ব পেয়েছি, তা আমার বয়স ও অভিজ্ঞতার চেয়েও অনেক বড় ছিল। সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি।

রুমিন ফারহানা বলেন, ২০১৯ সাল থেকে সংসদে আমার ভূমিকা আপনারা দেখেছেন। ২০২২ সালের ডিসেম্বরে দল যখন আমাকে পদত্যাগ করতে বলে, এক মুহূর্ত দেরি না করে আমি পদত্যাগ করেছি। দল যদি নতুন নেতৃত্বে এগোতে চায়, সেটাকে আমি স্বাগত জানাই। আমার সেবার প্রয়োজন না থাকলে সেটাও মেনে নিয়েছি। তবে আমি আমার রাজনৈতিক পথচলা অব্যাহত রাখব।

রুমিন ফারহানা নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার কর্মীদের বলা হচ্ছে–তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হতে পারে। আমি স্পষ্ট করে বলেছি, এ ধরনের কিছু হলে অবশ্যই প্রশাসনকে জানাব।

রুমিন ফারহানা হুঁশিয়ার করে বলেন, নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হলে বা নির্বাচনি পরিবেশ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।