
কবিগুরু রবীন্দ্রনাথের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও কুঠিবাড়ির আঙিনার পাশে বসছে গ্রামীণ মেলা।
সোমবার (৮ মে) সকাল সাড়ে ৬টায় এ উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে কবিগুরুর কুষ্টিয়া শহরের বাড়ি টেগরলজে রবীন্দ্রনাথের আবক্ষে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় আলোচনাসভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ চলে নানান আয়োজন।
জানা গেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫, ২৬ ও ২৭ বৈশাখ (৮, ৯ ও ১০ মে) শিলাইদহের কুঠিবাড়ি চত্বরের মুক্তমঞ্চের অনুষ্ঠানে থাকবে বিশ্বকবি রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম নিয়ে। সেখানে আলোচনা সভা, গান, কবিতা আবৃত্তি, নাচ ও নাটকের আয়োজন থাকবে।
এদিকে সোমবার সকাল ১০টায় এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
উল্লেখ্য, ১২৬৮ বঙ্গাব্দের ২৫ এপ্রিল কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি চির নতুনের কবি, বর্তমান এবং ভবিষ্যতের কবি। বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।