News update
  • Trump says US aims to destroy Iran's military, topple government     |     
  • Stock indices rally at DSE, CSE despite shrinking turnover     |     
  • Tehran hits back across region after US and Israel attack Iran     |     
  • African Union calls for restraint in Middle East     |     
  • Iran-Israel Tensions Stoke Energy Risks for Bangladesh     |     

ডিআরইউ কর্মচারীদের ওপর দুর্বৃত্তদের হামলার নিন্দা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-03-29, 7:47am

ddddd-50f84daf3a6dfd6a9f20c9f8ef4289421743212834.jpg




সাংবাদিকদের পেশাজীবী সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলায় ডিআরইউর তিন কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—ডিআরইউর স্টাফ জাকির হোসেন বাবুল, জহিরুল ইসলাম ও রবিউল ইসলাম। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ডিআরইউ কর্মচারীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

ডিআরইউর প্রশাসনিক কর্মকর্তা মো. সোলায়মান হোসাইন জানান, ৩৭ তোপখানা রোডের আব্দুর রহমান (৪০), রোহান (২০), মোছা. পলি বেগম, আলী হোসেন (২৫), উজ্জ্বল মিয়াসহ (৩২) অজ্ঞাতনামা ২৫/৩০ জন শুক্রবার সকালে সেগুনবাগিচার হাইস্কুল গেটের সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কর্মচারী মো. জাকির হোসেন বাবুলকে মারধর করে। পরে দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, রড, দা, চাপাতি, হকিস্টিক ইত্যাদি নিয়ে ডিআরইউর সামনে আমাদের কর্মচারী মো. জহিরুল ইসলাম (২৯) ও মো. রবিউল ইসলামের (২৭) ওপর হামলা চালায়। চাপাতির কোপে জহিরুলের মাথা ফেটে যায়। এরপর তারা যাওয়ার সময় কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ডিআরইউ কর্মচারীদের হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান নেতৃবৃন্দ। এনটিভি।