News update
  • Political division undermining fight against ‘economic security emergency’     |     
  • Unilateral sanctions expand amid eroding multilateralism     |     
  • Padma Barrage work to open next Jan-Mar: Water Minister     |     
  • BSF's attempt to push-in 12 through Satkhira border foiled     |     
  • Govt Reviewing 101 MoUs, Agreements Signed With India     |     

লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু

বাসস সংঘাত 2024-10-01, 11:59am




লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। আজ মঙ্গলবার (১ অক্টোবর) দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী দেশটির সীমান্তে শত্রু সৈন্যদের লক্ষ্যবস্ত করার ঘোষণার পর ইসরায়েল সুনির্দিষ্ট এই স্থল অভিযান শুরু করেছে।

লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, দক্ষিণ বৈরুতে ইসরায়েল অন্তত ছয় দফা হামলা চালিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, রাজধানী দামেস্কের আশপাশেও ভয়াবহ হামলা চালানো হয়েছে। সহিংসতা বন্ধে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরায়েল এ হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলার সমর্থনে স্থল অভিযানও শুরু হয়েছে। 

এর আগে ইসরায়েলের রাজনৈতিক নেতারা এ অভিযানের অনুমতি দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার ইসরাইলি স্থল অভিযানের বিরোধিতা করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের স্থল হামলা মোকাবিলায় তারা প্রস্তুত।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী দামেস্ক এলাকায় তিন দফা হামলা প্রতিহত করেছে।