News update
  • 16 Fire Service Units Battle Blaze at Tongi Drug Factory     |     
  • Dhaka Ranks Fifth Among World's Most Polluted Cities Today     |     
  • Sonali Bank lends Tk 7,000cr to Nat’l Bank for normal operations     |     
  • From disasters to Rohingya refugee camps, solar kits help keep lights on     |     

এক সিনেমায় বাঁধন-ফারিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2026-09-10, 6:05am

kfj1qty0bsb7sk6e0inqm6ngvrjdo4uwlkkza4od-1788941919-335f4c771c13d65be5ab2680412759811788998715.jpg




আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া—দুজনই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। এবার প্রথমবারের মতো তাদের একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। দুই অভিনেত্রীকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করবেন এমএইচ খোকন।

‘লজ্জা’ যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির প্রযোজনা নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা।

সামাজিক সচেতনতামূলক গল্পে নির্মিত হবে ‘লজ্জা’। সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ। গল্পের প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন বাঁধন ও নুসরাত ফারিয়া। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমানে দেশের বাইরে রয়েছেন বাঁধন। ইতালিতে অনুষ্ঠিত ভেনিস উৎসবে প্রতিযোগিতা বিভাগে রয়েছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেই ‘লজ্জা’র শুটিংয়ে যোগ দেবেন তিনি।

‘লজ্জা’র পাশাপাশি বাঁধনের হাতে রয়েছে আরও একটি সিনেমা। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’র শুটিং বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে নুসরাত ফারিয়া বর্তমানে ব্যস্ত মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’ নিয়ে। সিনেমাটির শুটিং প্রায় শেষ। শুধু একটি গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।