
ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ ব্যক্তিগত জীবনের নতুন সুখবর জানালেন। বিচ্ছেদের খবর সামনে আসার কিছুদিনের মধ্যেই তিনি জানান, মা হতে চলেছেন। একই সঙ্গে প্রকাশ্যে আনেন নিজের দ্বিতীয় বিয়ের বিষয়টিও।
একটি অনুষ্ঠানে হাজির হয়ে প্রথমবারের মতো স্বামী আবদুল ওয়াদুদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন মৌসুমী। সেখানেই তিনি জানান, তাঁদের সংসারে আসছে নতুন অতিথি।
মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। তাই স্বামীকে সঙ্গে নিয়ে এসেছি মা হওয়ার খবরটি জানাতে।’
এত দিন বিষয়টি গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। সে কারণেই কাউকে কিছু বলিনি। আমার মনে হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমেই সবাই সঠিকভাবে খবরটি জানতে পারবে। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। নতুন এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।’
অনুষ্ঠানেই জানা যায়, এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে বা কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো সেরা বন্ধু। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
অভিনেত্রী জানান, আপাতত তাঁদের সব মনোযোগ নতুন অতিথিকে ঘিরেই।