News update
  • PM urges people to watch ‘confusion-makers,’ give fitting reply     |     
  • Bank Surplus Liquidity Hits Record Tk 4.08 Lakh Crore     |     
  • Women to Get Free Education Up to Honours Level: PM     |     
  • PM releases fish fry into Brahmaputra in Kishoreganj     |     
  • Miraz puts Bangladesh within sight of victory as Australia stutter     |     

জোনাস ব্রাদার্স-এর কনসার্টে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গী প্রীতি জিন্টা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-09-12, 12:17pm

hiuaidiudiqou-f9a362dd654a1752dede4268f7dfcc4b1694499500.jpg




নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে আপাতত অশান্তির কালো মেঘ। প্রিয়াঙ্কা এবং নিক জোনাস-এর মধ্যে নয়। তুমুল বিবাদ শুরু হয়েছে প্রিয়াঙ্কার ভাসুর জো জোনাস এবং তার স্ত্রী সোফি টার্নার-এর মধ্যে। এর মধ্যেই আবার জো-এর বিরুদ্ধে উঠেছে হলিউডের অন্য এক অভিনেত্রী অ্যালেক্সা নিকোলাস-এর থেকে নগ্ন ছবি চাইবার অভিযোগ। তবে কথায় বলে 'দ্য শো মাস্ট গো অন', জোনাস ব্রাদার্স-এর কনসার্ট কিন্তু থেমে নেই।

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে চলছে জোনাস ভাইদের নিজস্ব ব্যান্ড জোনাস ব্রাদার্স-এর কনসার্ট। জোনাস ব্রাদার্স-এর প্রায় প্রতিটি কনসার্টেই দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। রবিবার সেই কনসার্টে তার সঙ্গে দেখা গেল এক সময়ের বলিউড নায়িকা প্রীতি জিন্টাকেও। জোনাস ব্রাদার্স-এর কনসার্ট দেখতে উপস্থিত হয়েছিলেন প্রীতি। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পোজ দিতেও দেখা গেল তাকে। জোনাস ভাইদের কনসার্টে দর্শক হিসেবে উপস্থিত হয়ে রীতিমতো উচ্ছ্বসিত আইপিএল ক্রিকেটে পাঞ্জাব দলের মালকিন।

কনসার্টের একাধিক ছবি এক্স হ্যান্ডেল (পূর্বের ট্যুইটার)-এ পোস্ট করে প্রীতি লেখেন, "আমি গতকালই জোনাস ব্রাদার্স-এর ফ্যান হয়ে গিয়েছি।" জোনাস ভাইদের প্রশংসার পাশাপাশি প্রিয়াঙ্কার প্রশংসাতেও পঞ্চমুখ প্রীতি। একরকম পারিবারিক এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা একজন আদর্শ হোস্টের ভূমিকায় ছিলেন বলে তার আতিথেয়তায় মুগ্ধ প্রীতি। তার কথায়, "এত ভাল একজন হোস্ট হওয়ার জন্য প্রিয়াঙ্কাকে অনেক ধন্যবাদ।" প্রিয়াঙ্কার পাশাপাশি তাঁর স্বামী নিককেও প্রশংসায় ভরান প্রীতি। নিককে মেনশন করে তার গানের প্রশংসা করেন। "কাল রাতে তোমার পারফরম্যান্স অসাধারণ ছিল,' মন্তব্য প্রীতির।

প্রসঙ্গত, বিয়ের পর বলিউডের এই দুই অভিনেত্রীই পাড়ি জমিয়েছেন বিদেশে। লস অ্যাঞ্জেলস আপাতত স্থায়ী ঠিকানা প্রিয়াঙ্কা চোপড়া এবং প্রীতি জিন্টা দুজনেরই। গায়ক নিক জোনাসকে বিয়ে করার পাশাপাশি হলিউডেও নিজের কেরিয়ারে যথেষ্ট উজ্জ্বল প্রিয়াঙ্কার। অভিনয় করছেন হলিউডে একের পর এক সিনেমা, সিরিজে। অন্যদিকে প্রীতিকে দীর্ঘদিন কোনও ছবিতে দেখা যায়নি। আপাতত আইপিএল-এর পাঞ্জাব দলের মালকিন হিসেবেই প্রীতি পরিচিত। ব্যবসায়ী জেন গুডএনাফকে বিয়ে করে বছরের বেশিরভাগ সময়টা দেশের বাইরেই কাটান প্রীতি। সূত্র: ভয়েস অফ আমেরিকা