
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে, তেমনি কৌতূহল রয়েছে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন সে বিষয়েও। কেউ প্রচারণায় সরব, কেউ ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার বিদেশে অবস্থানের কারণে কেউ কেউ এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ববিতা দীর্ঘদিন ধরে গুলশানে বসবাস করছেন এবং সেখানকারই ভোটার। নিজ বাসা থেকে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন তিনি।
ববিতা গণমাধ্যমকে বলেন, আশা করছি সুন্দরভাবে ভোট দিতে পারব। আমি, চম্পা ও সুচন্দা আপা একসঙ্গে কেন্দ্রে যাব, তারপর ভোট দেব।
গুণী অভিনেতা তারিক আনাম খান এর আগে মগবাজারে থাকতেন। বেশ কয়েকটি নির্বাচনে সেখানেই ভোট দিয়েছেন। বর্তমানে তিনি বনানীর বাসিন্দা। তিনি বলেন, এবার বনানীর কেন্দ্রেই ভোট দেবে আমি।
মেগাস্টারখ্যাত নায়ক উজ্জ্বলও বনানীর ভোটার। ভোটাধিকার প্রয়োগকে নাগরিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, অনেকদিন আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাইনি। এবার সেই সুযোগ এসেছে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব বলে আশা করছি। ভোটের মাধ্যমে দেশে ভালো কিছু হবে এটাই কামনা।
চলচ্চিত্র জগতে এক সময়ের সাড়া জাগানো নায়িকা রোজিনা, ঢাকার উত্তরার বাসিন্দা। তিনি বলেন, ভোট দেওয়া নৈতিক দায়িত্ব। এটি আমার মতামত প্রকাশের সুযোগ। সকালে বাসার কাছের কেন্দ্রেই ভোট দিতে যাব।
রেকর্ডসংখ্যক সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর ঢাকার দিলু রোড এলাকার ভোটার। জানান, সেখানেই ভোট দেওয়ার ইচ্ছা তার।
নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ঢাকার মোহাম্মদপুরের ভোটার। তিনিও নিজ এলাকায় ভোট দেওয়ার আশা প্রকাশ করেছেন।
জানা গেছে, চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে দেশের বাইরে থাকলেও তিনি ভোট দেবেন কি না এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন মিরপুরের বাসিন্দা। সম্প্রতি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন।
ভোট প্রসঙ্গে তিনি বলেন, অনেক দিন পর একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছি। সুষ্ঠু ভোট হলে জবাবদিহিতামূলক সরকার ও ভালো বিরোধী দল পাব আমরা।
চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত। অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি ঢাকা-১৮ আসনে ভোট দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার।