
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে মায়েদের জন্য ঈদের উপহার নিয়ে বৃদ্ধাশ্রমে গেলেন সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আপলোড করা ভিডিওটি হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের।
সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন রোজিনা। ওই ভিডিওতে দেখা যায়, বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের জন্য ঈদের শাড়ি নিয়ে হাজির অভিনেত্রী।
বৃদ্ধাশ্রমে নায়িকা ঢুকতেই আবেগী হয়ে কেঁদে ফেলেন অনেক মা। অনেকেই রোজিনাকে জড়িয়ে ধরেন। মায়েদের জড়িয়ে ধরে রোজিনা বলেন,
কোনটা নেবেন, এটা না ওইটা। ভালো লেগেছে উপহারটা? এটা কিন্তু ঈদের দিন পরবেন।
এরপর ঘুরে ঘুরে সবাইকে ঈদের পোশাক বিতরণ করেন রোজিনা। তাদের সঙ্গে সময় কাটান। আড্ডা দেন দীর্ঘ সময়।
এ পোস্টের পরই মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন রোজিনা। অনেকে অভিনেত্রী মন ভরে দোয়া করেন। বর্তমানে ভিডিওটি ২.৫ মিলিয়নেরও বেশি ভিউ সংখ্যা ছাড়িয়েছে।