
A young man named Rimon Islam (25) on charges of extorting money by creating objectionable pictures of women and men using AI in Kalapara.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় এআই দিয়ে নারী ও পুরুষের আপত্তিকর ছবি তৈরী করে চাঁদা আদায়ের অভিযোগে রিমন ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নারায়নগঞ্জের ফতুল্লা থানার মুসলিম নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে র্যাব-১১ এর সহয়তায় কলাপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।
এর আগে গত ৬ মে রিমন সহ দুইজনের নামে থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেন পৌর শহরের রহমপুর এলাকার নাসির উদ্দিন মোল্লা মিন্টু। আজ সোমবার সন্ধ্যায় রিমনকে থানায় নিয়ে আসা হলে উত্তেজিত জনতা থানার সামনে অবস্থান নেয়। এসময় পুলিশ উপযুক্ত বিচারের আশ্বাস দিলে তারা থানা এলাকা ত্যাগ করেন।
ভুক্তভোগী মিন্টু বলেন, কয়েকদিন আগে রিমন ও তার সহযোগী কলাপাড়ার সময় নামের একটি ফেসবুক পেইজে তার নামে বাজে স্ট্যাটাস দেন। পরে এক নারীর সঙ্গে এআই দিয়ে তার ছবি সংযুক্ত করে ওই পেইজে প্রচার করেন এবং হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা প্রদান না করলে এআই ভিডিও প্রকাশ করা হবে বলে হুমকি দেন। কোন উপায় না পেয়ে বিকাশের মাধ্যমে মিন্টু তাদের ধাপে ধাপে প্রায় ১ লাখ টাকা প্রদান করেন। এরপরও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও চাঁদা দাবি করলে সে থানায় মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী চাঁদা দাবীর ঘটনা স্বীকার করেছেন। তাকে আগামীকাল সকালে আদালতে প্রেরন করা হইবে। - গোফরান পলাশ