News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অপরাধ 2026-11-17, 7:59pm

fire-at-kalapara-municipal-brnach-of-grameen-bank-is-being-extinguished-on-early-tuesday-97a047b2e82d607ef8d610d40e8141bc1794923961.jpg

Fire at Kalapara municipal brnach of Grameen Bank is being extinguished on early Tuesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের পৌর শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতের পৌর শহরের রহমতপুর এলাকায় অবস্থিত ব্যাংকটির কলাপাড়া শাখা ব্যবস্থাপক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা ভবনের দোতলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী কিশোর আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নৈশপ্রহরী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন দেওয়ার পরপরই জড়িত ব্যক্তিরা ভবনের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংক কার্যালয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, এ ঘটনার পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন বলা যাচ্ছে না।

ঘটনার পর মঙ্গলবার সকালে ব্যাংক কার্যালয়ে দেখা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত স্থান পানি দিয়ে পরিষ্কার করছেন সংশ্লিষ্টরা। এ সময় পুলিশের একটি টহল টিম সেখানে অবস্থান করছিল।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। - গোফরান পলাশ