News update
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     
  • Trump vows 'tremendous' economic costs on Iran partners     |     
  • Bangladesh To Elect President Today After 35 Years     |     
  • Voting in presidential election Thursday     |     
  • Nairobi Biodiversity Talks Set the Stage for Key COP17 Decisions     |     

ডি-৮ মন্ত্রী পরিষদ সম্মেলনে খাদ্য, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য গুরুত্ব পাবে

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-07-25, 7:59am




পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  বলেছেন, ঢাকায় আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য ডি-৮-এর মন্ত্রী পরিষদের ২০তম অধিবেশন খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য পর্যটন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, খাদ্য নিরাপত্তা ইস্যু নিয়ে বিশদ আলোচনা করা হবে। আমরা খাদ্য নিরাপত্তার ওপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ এক্ষেত্রে সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

ড. মোমেন বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি জ্বালানি নিরাপত্তার বিষয়েও ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনার করা হবে।

তিনি আরো বলেন, জ্বালানি নিরাপত্তা বিষয়ে সর্বত্র আলোচনা করা হচ্ছে এবং এটি সারা বিশ্বব্যাপী একটি জরুরি আলোচনার বিষয়।

ডি-৮, ডেভেলপিং-৮ নামেও পরিচিত, উন্নয়ন সহযোগিতার জন্য নিবেদিত একটি সংস্থা যার সদস্য হচ্ছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

ডি-৮ সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ২৫ থেকে ২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ডি-৮ কমিশনের ৪৫তম অধিবেশনও আয়োজন করবে।

ঢাকা আশা করছে ডি-৮ সদস্যের কিছু পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ২৭ জুলাই তাদের নিজ নিজ প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন।

ডি-৮ দেশের মধ্যে আন্তঃবাণিজ্য বাড়ছে উল্লেখ করে মোমেন বলেন, "আমরা আলোচনা করব কিভাবে বাণিজ্য আরও প্রসারিত করা যায়।"

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডি-৮ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আন্তঃবাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

বহু দফা আলোচনা এবং বহুপাক্ষিক আলোচনার পর, ২৫ আগস্ট, ২০১১ থেকে পিটিএ কার্যকর হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। অন্যান্য কিছু ডি-৮ সদস্য দেশ পর্যটন উন্নয়নের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে।

মোমেন বলেন, ডি-৮ মন্ত্রী পরিষদ আজারবাইজানের সদস্যপদ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের উদ্দেশ্য হল বৈশ্বিক অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলির অবস্থান উন্নত করা, বৈচিত্র্য আনা এবং

বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করা,  একটি আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্তে অংশগ্রহণ বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নত করা। তথ্য সূত্র বাসস।