News update
  • Master plans being prepared to ensure planned urbanisation: PM     |     
  • PM Orders Faster Work on Dhaka Inner Circular Road     |     
  • Dhaka ranks world's third most polluted city this morning     |     
  • Houthis Claim Missile, Drone Attack on Aramco Facility     |     
  • Four Earthquakes Rattle Bangladesh Within Four Hours     |     

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-05-14, 2:52pm

img_20260514_144955-783d5d322516ac661772e452644fb3f71778748761.jpg




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অভ্যন্তরে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। সেইসঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারসহ ছয় দফা দাবিও তুলে ধরেছেন তারা।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে এসব দাবি উপস্থাপন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, বহিরাগতদের অবাধ বিচরণ আর দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে। প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়েও প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে দায় স্বীকার করে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, হেনস্তা প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন ও জরুরি হটলাইন চালু, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ এবং শিক্ষার্থীদের জন্য সাইবার সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ডাটাবেজ ও পরিচয়পত্র ব্যবস্থা নিশ্চিত করতে করা।

পাশাপাশি প্রতিটি গেটে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন, কাঠামোগত ত্রুটি সাত দিনের মধ্যে সংস্কার এবং বিকল্প অনুপ্রবেশ পথ বন্ধের দাবি জানান তারা।

গত মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় এক শিক্ষার্থীকে জোরপূর্বক পাশের ঝোপে নিয়ে যায় এক বহিরাগত যুবক।

এ ঘটনায় আশুলিয়া থানায় করা মামলার অভিযোগে বলা হয়েছে, সেখানে ওই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করা হয়। তবে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বহিরাগত অভিযুক্ত যুবক।

ঘটনার পর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নেতারা প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলন, ছাত্রশিবিরের মানববন্ধন, অন্যদিকে ছাত্রদল ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোও আলা কর্মসূচি পালন করে।

এদিকে, আজ সকালে রেজিস্ট্রার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিলেও পরে তা স্থগিত করার কথা জানায় জাকসু।