News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-09-03, 7:48am

baanlaadesh_1-5f1f0b3f91999ccc76a485bdf3e39f761788400136.jpg




এশিয়ান গেমসের এবারের আসরে ক্রিকেট ইভেন্ট নিয়ে বেশ আলোচনা চলছে। এশিয়রে বড় দলগুলোর অংশগ্রহণ এবার এই ইভেন্টকে ভিন্ন মাত্রা দেবে বলেই সমর্থক ও আয়োজকদের আশা। বাংলাদেশও অংশ নেবে এবারের আসরে। টুর্নামেন্টের জন্য চমক দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এবারের এশিয়ান গেমসে পূর্ণ জাতীয় নিয়েই যাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস। আর তার সহকারী তাওহীদ হৃদয়।

বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজ থেকে এশিয়ান গেমসের স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। সেই সিরিজে তার পরিবর্তে অধিনায়কত্ব করেছিলেন তাওহিদ হৃদয়। এশিয়ান গেমস দিয়ে চোট কাটিয়ে আবারও টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন লিটন।

সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, পেসার আব্দুল গাফ্ফার সাকলাইন আর নাহিদ রানা। সোহান আর সাকলাইনকে বাদ দেওয়ার কোনো কারণ ব্যাখ্যা করেনি বিসিবি।

তবে ধারণা করা হচ্ছে, লিটন ফেরায় উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন তিনি। তাই জায়গা ছেড়ে দিতে হয়েছে সোহানকে। অন্যদিকে, জিম্বাবুয়ে সিরিজে বলহাতে খুব একটা ভালো করতে পারেননি সাকলাইন। যে কারণে তাকেও বিবেচনা করা হয়নি। আর চোটের কারণে নেই নাহিদ রানা।

এশিয়ান গেমস দিয়ে লম্বা সময় পরে টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টপঅর্ডারের শক্তি বাড়াতে তাকে স্কোয়াডে রাখা হয়েছে। আর অস্ট্রেলিয়ায় লাল বলের ক্রিকেটে দারুণ ছন্দে থাকা হাসান মাহমুদ পেয়েছেন পুরস্কার। লম্বা সময় পর তিনিও ফিরেছেন টি-টোয়েন্টি দলে।

নাহিদ না থাকায় পেস বোলিংয়ে বাংলাদেশের ভরসা তাই মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম আর হাসান মাহমুদের উপর। সঙ্গে পেস অলরাউন্ডার হিসেবে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিন স্পেশালিস্ট স্পিনার হিসেবে স্কোয়াডে আছেন রিশাদ হোসেন, নাসুম আহমেদ আর শেখ মেহেদী।

এশিয়ান গেমসের ২০তম আসর অনুষ্ঠিত হবে জাপানের আইচি-নাগোয়ায়। আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়ান গেমসের। ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা–র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এই চার দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। বাংলাদেশের ম্যাচ আগামী ২৯ সেপ্টেম্বর। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।